প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ২১:৫১
চাঁদপুর প্রেসক্লাবে হামের টিকার ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
জেলায় তিন লাখের বেশি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ

চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পৃষ্ঠপোষকতায় চাঁদপুরে জেলা পর্যায়ে হামের টিকা ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
রোববার (১৯ এপ্রিল ২০২৬) দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে আয়োজিত এই সংবাদ সম্মেলনে চাঁদপুর জেলা সিভিল সার্জনের পক্ষে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সাল।
তিনি বলেন, হামের ভাইরাস খুব দ্রুত ছড়ায় এবং বিশেষ করে ছোট শিশুদের জন্যে এটি মারাত্মক হতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করা জরুরি। বর্তমানে চাঁদপুর জেলায় ৩৪ জন হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পরিস্থিতি মোকাবিলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ দু ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপ ৫ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ তিন এলাকা- সদর, পৌরসভা ও হাইমচরে চলমান রয়েছে। দ্বিতীয় ধাপ শুরু হবে ২০ এপ্রিল, চলবে ১০ মে পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটি ব্যতীত) মোট ১১ কর্মদিবস।
তিনি বলেন, এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৩ লাখ ২১ হাজার ৫শ' ৩৭ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্যে জেলাজুড়ে স্থাপন করা হয়েছে ২,৪২৪টি টিকাদান কেন্দ্র। কার্যক্রম পরিচালনায় নিয়োজিত রয়েছে ৩১৩টি টিম, যেখানে ৩১৩ জন টিকাদানকারী, ৬২৬ জন স্বেচ্ছাসেবী এবং ৩১৩ জন তদারককারী কাজ করছেন। ইতোমধ্যে ১৮ এপ্রিল পর্যন্ত ৬১ হাজার ৭২০ জন শিশুকে টিকা প্রদান সম্পন্ন হয়েছে।
সংবাদ সম্মেলনে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত সিভিল সার্জন কার্যালয়কে অবহিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা ও সেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কর্মকর্তা মো. আজিজুল ইসলাম সবুজের পরিচালনায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, হামের কারণে দেশে অনেক শিশুর মৃত্যু হয়েছে। তাই এ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে। স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্টদের উদ্যোগকে স্বাগত জানাই।
সংবাদ সম্মেলনে অংশ নেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, রিয়াদ ফেরদৌস, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ, যমুনা টিভির জেলা প্রতিনিধি ইব্রাহিম রনি, এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, চাঁদপুর কণ্ঠের প্রতিনিধি সেলিম রেজা, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, দৈনিক চাঁদপুর সময়ের প্রধান সম্পাদক ফরিদুল ইসলাম, দৈনিক আদি বাংলার প্রধান সম্পাদক এমরান হোসেন রাজন, দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মো. ইলিয়াছ, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ আলম, বৈশাখী টিভির চাঁদপুর প্রতিনিধি আব্দুল ওয়াদুদ বেপারী, দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, একুশে টিভির জেলা প্রতিনিধি নেয়ামত হোসেনসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
'সচেতনতা, দ্রুত টিকাদান ও সম্মিলিত উদ্যোগই পারে হামের ঝুঁকি কমাতে'—এমন বার্তাই উঠে আসে পুরো আয়োজন থেকে।
উল্লেখ্য, চাঁদপুর সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০৪ জন শিশু ভর্তি হয়েছিল, যার মধ্যে ৫২ জন চিকিৎসা গ্রহণ করে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চাঁদপুর কালেক্টরেট স্কুলে সকাল ১০টায় হামের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক।








