বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ মে ২০২৬, ০৯:৩৬

এক যুগের ওপরে কৃষি সহায়তা কার্ড পেলেও মিলেনি কোনো সহায়তা

আগাম সবজি চাষ করে জীবিকা নির্বাহ করছেন প্রান্তিক কৃষক রফিক

কৃষিকণ্ঠ প্রতিবেদক
আগাম সবজি চাষ করে জীবিকা নির্বাহ করছেন প্রান্তিক কৃষক রফিক

এক যুগ আগে কৃষি সহায়তা কার্ড পেলেও এখন পর্যন্ত কোনো ধরনের কৃষি প্রণোদনা কিংবা সহায়তা পাননি এক প্রান্তিক কৃষক মো. রফিক গাজী। দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত থাকলেও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভ নিয়ে তিনি কথা বলেন এ প্রতিবেদকের সঙ্গে।

রফিক জানান, কৃষি সহায়তা কার্ড পাওয়ার পর অনেক আশা ছিলো। কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও ওই কার্ডের মাধ্যমে কোনো বীজ, সার, কৃষি উপকরণ কিংবা আর্থিক সহায়তা পাননি। এতে তিনি চরম হতাশা প্রকাশ করেন।

জীবনের নানা প্রতিকূলতা মোকাবিলা করেও থেমে নেই রফিক গাজীর কৃষি সংগ্রাম। অসুস্থতাজনিত কারণে চিকিৎসায় লাখ টাকার বেশি ব্যয় হলেও জীবিকার তাগিদে আবারও মাঠে নেমেছেন তিনি। নিজের উৎপাদিত টাটকা সবজি ভ্যানগাড়িতে করে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেন। অনেক কষ্ট করে আগাম সবজি চাষ করে পরিবারের ব্যয় নির্বাহ করছেন। তিনি মৌসুমভিত্তিক বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন। এর মধ্যে রয়েছে লাউ, সিম, আলু, টমেটো, বেগুন, ঢেঁড়স, পাটশাক, পুঁইশাক, লালশাকসহ নানা ধরনের সবজি। নিজের শ্রম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি বছরের বিভিন্ন সময় আগাম সবজি উৎপাদন করে বাজারে সরবরাহ করেন।

প্রান্তিক এই কৃষক বলেন, “কৃষি সহায়তা কার্ড পেয়েছিলাম অনেক আশা নিয়ে। কিন্তু আজ পর্যন্ত কোনো সহায়তা পাইনি। তারপরও কৃষিকাজ ছাড়িনি। মানুষের ঘরে ঘরে টাটকা সবজি পৌঁছে দিচ্ছি।”

স্থানীয় মো. আবুল বাশার বাচ্চু গাজী ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইতিহাস গাজী জানান, মো. রফিক গাজী একজন প্রকৃত কৃষক। তার আগাম সবজি চাষের কারণেই আমরা বিভিন্ন সময় তার থেকে টাটকা সবজি খেতে পারি। প্রকৃত কৃষকদের তালিকা যাচাই করে কৃষি প্রণোদনা ও সহায়তা যথাযথভাবে তাকে সহ প্রান্তিক কৃষককে দেওয়ার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাই। বিশেষ করে প্রান্তিক কৃষকদের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও নজর দেওয়া প্রয়োজন বলে তারা মন্তব্য করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তরপুরচণ্ডী ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার পারভিন আক্তার জানান, মো. রফিক গাজী একজন প্রান্তিক কৃষক। তিনি সবসময় আগাম সবজি চাষ করেন। আমি তাকে বিভিন্ন সময় পরামর্শ দেই। তবে প্রণোদনা যে তিনি পান নি সেটি আমার জানা নেই। ভবিষ্যতে যাতে তিনি পান আমি সে বিষয়টি দেখবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়