শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩২

পাঠক ফোরামের কবিতা

অনলাইন ডেস্ক
পাঠক ফোরামের কবিতা

মনির হোসেন খান চেনা শহর

এ চেনা শহর আমার নয় তোমার,

তোমরা বিত্তশালী, ক্ষমতাবান, তোমরা প্রভাবশালী এ শহর আমার নয় তোমার।

তোমরা দুরন্ত তোমরা দুর্বার, তোমরা সবল, তোমরা চালাক, তোমরা চতুর,

আমি দুর্বল আমি নিঃস্ব, আমি ক্লান্ত আমি অবসন্ন আমি ফতুর,

তাই তো এ শহর আমার নয় তোমার।

তোমরা কালজয়ী তোমরা ক্ষণজন্মা, তোমরা ঐতিহাসিক, তোমরা রাজহাঁস,

আমি রিক্ত আমি অশ্রুসিক্ত, আমি পরাজিত, আমি উচ্ছিষ্ট আমি উপহাস।

তাই তো এ চেনা শহর আমার নয় তোমার।

তোমরা মত্ত আরাম আয়াসে ভোগ-বিলাসে,

আমি ব্যতি ব্যস্ত নুন পান্তা জোগাড়ে, আমার জীবনের জটিল অংক আর মেলেনা দিন শেষে।

তোমরা নিয়েছো অনেক, পেয়েছো অনেক, দিয়েছো তার অল্প,

আমি নষ্ট, ফাটাকেষ্ট, নিলামও কম পেলামও কম

এই বুঝি আমার জীবনের গল্প।

তাই তো বলি এ চেনা শহর আমার নয় তোমার।

তোমরা করতে পারো ধরতে পারো, কি যে ভীষণ তোমাদের এ মাত্রা,

শুরুতে আমার জন্ম হল, বেশ দৌড়লাম, ঝাঁপালাম, মাঝে শুধুই যাপিত জীবন, পরিশেষে অনন্ত যাত্রা।

তাই তো বলি এ চেনা শহর আমার নয় তোমার, শুধুই তোমার।

রৌদ্রময় শহর

রৌদ্রময় এই শহরে অনেক রোদ

ছাতা ধরবার নেই তো কেউ

এই শহরে সবই চেনা

পা পিছলে যেতেই সবাই অচেনা।

স্বার্থপর আর স্বার্থের এই শহরে

হিসেব কষে যায় না বলা

কতজনা যে আছে অনাদরে।

রৌদ্রময় এই শহরে যে যার মতো বাঁচে, দেখে না কেউ কে যেনো কাঁদছে পাছে।

এখানে সবাই মুখোশ পরা নব্য সভ্যতার কেউ মাপে না ইঞ্চি ইঞ্চি সফেদ যোগ্যতার।

রৌদ্রময় এই শহরে অনেক রোদ ছাতা ধরবার নেই তো কেউ।

ইউসুফ

ভাষার জন্য

ভিনদেশীরা বলছে মাগো

মুখের ভাষা নেবে কেড়ে!

তা হবে না শোনো মাগো

আমরা ওদের দেবো তেড়ে।

বাংলা আমার মাতৃভাষা

বাঙালিদের মুখের বুলি,

এই ভাষাতে কাঁদি হাসি

ভাষার মায়া কেমনে ভুলি?

প্রতিবাদের মিছিলেতে

তোমার খোকা যাচ্ছে চলে,

আর যদি না ফিরে আসি

ভেসো না মা চোখের জলে।

আমরা হলাম বীরের জাতি

বুকের রক্ত দিতে জানি,

জানটা দিবো মান দিবো না

ভাষা দেব তোমায় আনি।

মায়ের খোকা সেই যে গেল

আর এলো না ঘরে ফিরে,

বীর শহিদের অমর গাঁথা

বর্ণমালায় আছে ঘিরে।

তানজিদ কোতয়াল

আগামীর বাংলাদেশ

নতুন ভোরের সন্ধানে জাগে প্রাণের দেশ,

স্বপ্ন বুকে হাঁটে সবাই, বদলাবে পরিবেশ।

অন্ধকারের শৃঙ্খল ভেঙে জ্বলে আশার দীপ,

তারুণ্যের চোখে আঁকা রঙিন রৌদ্র-নকশার নীড়।

শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে আজ,

সততা হোক শক্তির মন্ত্র, ন্যায়ের হোক সাজ।

শ্রমে-ঘামে গড়া হোক আগামীর ঠিকানা,

ভ্রাতৃত্বের বন্ধনে থাকুক সবার মানা।

দুর্নীতির সব কালো ছায়া হারাক দূর আকাশে,

সত্যের পথে চলুক জাতি দৃঢ় প্রত্যয়ে পাশে।

সবুজ মাঠে ফুটুক আবার শান্তির সোনালি হাসি,

মানবতার পতাকা উড়ুক বাংলাদেশের বাতাসে।

নতুন সন্ধান

নতুন ভোরের সন্ধানে জাগে প্রাণের দেশ,

স্বপ্ন বুকে হাঁটে সবাই, বদলাবে পরিবেশ।

অন্ধকারের শৃঙ্খল ভেঙে জ্বলে আশার দীপ,

তারুণ্যের চোখে আঁকা রঙিন রৌদ্র-নকশার নীড়।

শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে আজ,

সততা হোক শক্তির মন্ত্র, ন্যায়ের হোক সাজ।

শ্রমে-ঘামে গড়া হোক আগামীর ঠিকানা,

ভ্রাতৃত্বের বন্ধনে থাকুক সবার মানা।

দুর্নীতির সব কালো ছায়া হারাক দূর আকাশে,

সত্যের পথে চলুক জাতি দৃঢ় প্রত্যয়ে পাশে।

সবুজ মাঠে ফুটুক আবার শান্তির সোনালি হাসি,

মানবতার পতাকা উড়ুক বাংলাদেশের বাতাসে।

আহনাফ আবদুল কাদির

নদীর দিকে

মাঝেমধ্যে নদীর দিকে যাত্রা করতে ইচ্ছে হয়,

এক উদ্দেশ্যহীন যাত্রাÑ

পলি জমে থাকা ক্ষেতের ওপারে,

ছোট ছোট খাল আর চরের সবুজ ঘাস পেরিয়ে

আমি পৌঁছে যেতে চাই

ফুল ও পাখির নীরব অভয়ারণ্যে।

যেখানে কলকল সুরের নহর

আমাকে ডেকে ফেরে

বিকেলের রক্তিম আভা মিশে যায়

দূরের কোনো ঠিকানায়।

আবছা অন্ধকার পেরিয়ে,

সন্ধ্যার ঝিরিঝিরি বাতাসে

আমি থেকে যেতে চাই

আজন্ম জলমুগ্ধতায়।

তৌসিফ রেজা আশরাফী

বাংলা ভাষার টান

বুকের মাঝে লালন করি, প্রাণের প্রিয় ভাষা।

এই ভাষাতেই মেটাই আমি, মনের সকল আশা।

মায়ের মুখে শুনেছিলাম, মধুর বুলি খানি।

বিশ্বমাঝে শ্রেষ্ঠ বড়, আমার ভাষা জানি।

রক্ত দিয়ে কেনা আমার, বর্ণমালার ঘ্রাণ।

একুশ মানেই মাথা উঁচু, একুশ মানেই প্রাণ।

শহীদ মিনার দাঁড়িয়ে রয়, স্মৃতির মিনার হয়ে।

আবেগ আমার পংক্তিমালায় চলছে নদী বয়ে।

সবার আগে রাখব ধরে, নিজের আপন টান।

ভাষার তরেই গাইব আমি, বিজয় জয়ের গান।

বাংলা আমার অহংকার, আর বাংলা আমার ঘর

এই ভাষাকে কোনোদিনই, করব না তো পর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়