রবিবার, ২৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৯:২০

লাল-সবুজের আতুঁরঘরে

ড. আব্দুস সাত্তার
লাল-সবুজের আতুঁরঘরে

ড. আব্দুস সাত্তার লাল-সবুজের আতুঁরঘরে

রাতের ভেতর তখনও আগুন জ্বলে,

শব্দেরা যায় গুলির মতো ছুটে

নীরবতার বুক চিরে জন্ম নেয় এক নাম

বাংলাদেশ।

২৬ মার্চ; তুমি নও শুধু

ক্যালেন্ডারের পাতায় শোভিত দিন-তারিখ,

তুমি রক্তের গভীরে খোদাই করা এক ঘোষণা,

অস্তিত্বের প্রথম উচ্চারিত শব্দগাঁথা।

যখন আকাশ ছিল বারুদের ধোঁয়ায় কালো,

তখনই বুকের গভীরে স্বপ্নবীজের অঙ্কুরোদগম

একটি পতাকা!

লাল যেন অগ্নিদীপ্ত সূর্য,

সবুজ যেন অদম্য প্রাণের বিস্তার।

শহরের দেয়ালে দেয়ালে লেখা হচ্ছিল প্রতিবাদ,

গ্রামের পথ ধরে হাঁটছিল সাহস,

মায়ের চোখে ছিল জল,

তবু কণ্ঠে সাহসী উচ্চারণ

‘আমার সন্তানেরা করবে না মাথা নত।’

এই অস্তিস্তের আতুঁরঘরে

কেউ জন্ম নেয় বন্দুক হাতে,

কেউ কবিতায়,

কেউ নিঃশব্দে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে ইতিহাসের দরজায়।

২৬ মার্চ; তুমি ছাপান্ন হাজার বর্গমাইল খচিত দিন

এই একটি দিনের ভেতর লুকিয়ে আছে সহস্র বছর,

একটি পতাকার ভাঁজে ভাঁজে জমে আছে

অসংখ্য অশ্রু, রক্ত, আর স্বপ্নের মানচিত্র।

আজও যখন বাতাসে পতাকা দোলে,

মনে হয় ঐ লাল সবুজ শুধু রঙ নয়,

এ যেন এক চলমান প্রতিজ্ঞার ফল্গুধারা;

এক অনন্ত স্বাধীনতার কবিতা।

লাল সবুজের সেই আতুঁরঘরে

আমরা জন্মেছি

কেউ স্মৃতিতে, কেউ সংগ্রামে,

আর কেউ অনাগত সুন্দর ভবিষ্যতের পানে;

২৬ মার্চ, স্মরণে তুমি; স্বাধীনতার সূর্যস্নানে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়