প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০২:০৮
এসএসসিতে শীর্ষে মাতৃপীঠ, আল আমিন ও হাসান আলী
শতভাগ পাস ড্যাফোডিল ও আল-আমিন মডেল মাদ্রাসার

সারাদেশের মতো চাঁদপুরেও প্রকাশিত হয়েছে এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষার ফলাফল। এবারের ফলাফলে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাফল্যের পাশাপাশি কিছু প্রতিষ্ঠানে আশানুরূপ ফল না পাওয়ার চিত্রও উঠে এসেছে। প্রাপ্ত ফলাফলের মধ্যে চাঁদপুর শহরের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এরপর রয়েছে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এবং হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়।
|আরো খবর
ফলাফলের দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকা মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মোট ২৩৭জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২২৯জন পাস করেছে। পাসের হার ৯৬ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর মোট ৮৩৫জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ৭৮৪জন। পাসের হার ৯৩ দশমিক ৮৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২১৯জন। তৃতীয় অবস্থানে থাকা হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মোট ২৩২জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২০৮জন পাস করেছে। পাসের হার ৮৯ দশমিক ৬৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৬জন।
এদিকে চাঁদপুর শহরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অর্জন করেছে শতভাগ সাফল্য। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ৭০জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৭জন।
এদিকে দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য পেয়েছে আল-আমিন মডেল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ৪৫জন পরীক্ষার্থী অংশ নেয় এবং সবাই পাস করেছে বলে জানা গেছে। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১০জন।
অন্যদিকে ফলাফলের দিক থেকে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয় ও পৌর শহীদ জাবেদ স্কুল। গণি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ১১৮জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮১জন। পাসের হার ৬৮ দশমিক ৬৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২জন। পৌর শহীদ জাবেদ স্কুল থেকে এ বছর মোট ৩৩জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৬জন পাস করেছে। পাসের হার ৪৮ দশমিক ৪৮ শতাংশ।
শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শতভাগ পাস করা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ও আল-আমিন মডেল মাদ্রাসার ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আগামীদিনেও এসব প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
ডিসিকে/ এমজেডএইচ








