প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১১:২৫
শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশ-গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন।
|আরো খবর
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাত ৮টায় শ্রীমঙ্গল থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রীমঙ্গল প্রেসক্লাব, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
আলোচনায় শ্রীমঙ্গলের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং সংবাদের তথ্য আদান-প্রদানে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়।
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, "শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত যথাসময়ে সরবরাহে পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে।" তিনি আরও উল্লেখ করেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধে গণমাধ্যম কার্যকর ভূমিকা পালন করে।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া জরুরি। তারা এ বিষয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমদ, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিছুল ইসলাম আশরাফী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য সৈয়দ আমিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আক্তার মিন্টু, সাংবাদিক আতাউর রহমান কাজল, এম.এ. রকিব, আব্দুর রব, আবুজার রহমান বাবলা, শামসুল ইসলাম শামীম, সুভাষ দাস তপন, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, জামাল আহমদ, হারুনুর রশিদ আবদাল ও জয়নাল আবেদীন বাদশাসহ অনেকে।
সভায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে পুলিশ ও সাংবাদিকদের এই সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে মতবিনিময় সভা আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।








