প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১৯:২৯
দেশকে এগিয়ে নিতে মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের এগিয়ে আসতে হবে
...........যুগ্ম সচিব হাবিবুর রহমান

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক (যুগ্ম সচিব) মো. হাবিবুর রহমান বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত আমাদের বীর মুক্তিযোদ্ধারা এবং তাঁদের সন্তানরা যখন এই দেশের প্রয়োজন হয়েছে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাই আগামী দিনগুলোতে দেশের উন্নয়নে সরকারকে সহযোগিতা করতে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের এগিয়ে আসতে হবে। স্বাধীনতার পক্ষের সরকার অবশ্যই আপনাদের সহযোগিতা প্রত্যাশা করে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা আমাদের কাছ থেকে একে একে হারিয়ে যাচ্ছেন। তাঁদের রেখে যাওয়া দেশকে তাঁদের সন্তানদেরকেই ধরে রাখতে হবে এবং এগিয়ে নিতে হবে। আশা করবো মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ফরিদগঞ্জ শাখার নেতৃবৃন্দ তাদের পিতার ঐতিহ্য ও আদর্শকে ধরে রেখে সংগঠনকে শক্তিশালী করবেন, এদেশের উন্নয়নে নিজেকে বিলিয়ে দেবেন এবং জনগণের পাশে দাঁড়াবেন। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট সবসময়ই বীর মুক্তিযোদ্ধাদের জন্যে কাজ করছে। সামনের দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকবে। আমিও একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই কাজটি করে যাচ্ছি। যখনই সুযোগ পেয়েছি দেশের জন্যে অন্তত একটি কাজ করার চেষ্টা করেছি।
|আরো খবর
শনিবার (৬ জুন ২০২৬) দুপুরে ফরিদগঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদগঞ্জ উপজেলা শাখার পরিচিতি সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথাগুলো বলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পুরাতন কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাহাদাত হোসেন সাবু পাটোয়ারীর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব নেভির পরিচালনায় মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন। নেতৃবৃন্দ তাঁদের পরিচিতি তুলে ধরেন।






