মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৫:৪৩

চাঁদপুর প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের প্রেস ব্রিফিংয়ে দাবি

আহ্বায়ক শহীদুল আলম রবের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ ভিত্তিহীন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।
আহ্বায়ক শহীদুল আলম রবের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ ভিত্তিহীন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম রবের বিরুদ্ধে বিভিন্ন মহলে আনীত অভিযোগসমূহ সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এ দাবি করা হয়।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম রব।

লিখিত বক্তব্যে জানানো হয়, বিগত ১২ মার্চ ২০২৬, ১১ আগস্ট ২০২৬ এবং ২০ আগস্ট ২০২৬ তারিখে আহ্বায়ক শহীদুল আলম রবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উত্থাপন করা হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে চাঁদপুর জেলার প্রতিটি উপজেলা কমান্ডের নেতৃত্বে এবং ইউনিয়ন কমান্ডের প্রতিনিধিদের নিয়ে একাধিক তদন্ত সভা অনুষ্ঠিত হয়। সার্বিক তদন্ত ও পর্যালোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে, উত্থাপিত অভিযোগগুলোর কোনো সত্যতা নেই এবং এগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য।

প্রেস ব্রিফিংয়ে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশনা এবং জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন রক্ষণাবেক্ষণ ও পরিচালনার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। আহ্বায়ক শহীদুল আলম রব জানান, বিগত ২ আগস্ট ২০২৫ তারিখে দায়িত্ব পাওয়ার পর তিনি জেলা প্রশাসকের সাথে জেলা ইউনিট কমান্ডের সদস্যদের নিয়ে সাক্ষাৎ করেন এবং কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম তদন্তের জন্য লিখিত অনুরোধ জানান। উক্ত আবেদনের অনুলিপি ১০টি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। এর ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি ব্যাংকের (হিসাব নং- ২৫০১-০৩১০১০৯০৭৬) আর্থিক লেনদেনের প্রতিবেদন এবং পূর্বে দাখিলকৃত বিভিন্ন আবেদনের প্রতিবেদন উপস্থিত সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে বহিষ্কৃত দু নেতার বিতর্কিত ভূমিকার বিষয়টিও উঠে আসে। জেলা ইউনিট কমান্ডের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ডা. কাজী হাশেম (বহিষ্কারের তারিখ : ০৯/০২/২০২৬) এবং মতলব উপজেলা কমান্ডের বহিষ্কৃত আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন (বহিষ্কারের তারিখ: ১৯/০৫/২০২৬)-এর সঙ্গে সম্পর্কিত ফোন বার্তা, ম্যাসেজ, যুদ্ধকালীন কমান্ডার সম্পর্কিত তথ্য ও বিতর্কিত আলোকচিত্রসহ রেকর্ডকৃত কথোপকথন প্রেস ব্রিফিংয়ে উপস্থাপন করা হয়েছে।

প্রেস ব্রিফিং থেকে সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রচারের আহ্বান জানানো হয়। আহ্বায়ক শহীদুল আলম রব বলেন, "মুক্তিযোদ্ধাদের স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো সরকারি প্রজ্ঞাপন এবং মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক যাচাই-বাছাই করে প্রচার করা উচিত।" তিনি আরও অনুরোধ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তথ্য বিকৃত করা, সংবাদ পরিবর্তন করা কিংবা আর্থিক অনিয়মের সত্যতা গোপনের যে কোনো চেষ্টার বিরুদ্ধে সাংবাদিকদের সরেজমিন ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরতে হবে।

প্রেস ব্রিফিংয়ে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে অভিযোগের কপি, আর্থিক লেনদেনের নথি ও অন্যান্য প্রমাণাদিসহ সর্বমোট ৩০ পৃষ্ঠার সংযুক্তি সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়। এসময় চাঁদপুর জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইউনিট কমান্ডের মুজিবুর রহমান ও সর্দার আবুল বাসার এবং ফরিদগঞ্জের শাহাদাত হোসেন সাবু পাটোয়ারী।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি কাজী শাহাদাত ও শরীফ চৌধুরী, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ প্রমুখ প্রেস ব্রিফিংয়ে প্রশ্ন করেন। তাঁদের প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ দাবি করেন, বহিষ্কৃত কাজী হাশেম ও ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সাবেক জেলা কমান্ডার এম এ ওয়াদুদ সহ ক'জন স্বার্থান্বেষী বর্তমান জেলা আহ্বায়ক শহীদুল আলম রবের বিরুদ্ধে নানা ভিত্তিহীন অভিযোগ তুলে পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে, মুক্তিযোদ্ধাদের মধ্যে দ্বিধাবিভক্তি সৃষ্টি করার পাঁয়তারা চালাচ্ছে। সাংবাদিক সমাজ তাঁদের অনুসন্ধানী তৎপরতায় বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রচার করে উল্লেখিত স্বার্থান্বেষী মহলের তৎপরতা রুখে দিতে মুখ্য ভূমিকা পালন করতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়