প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ২২:১৫
চাঁদপুরে জেলা জামায়াতের মজলিশে শুরার অধিবেশন
জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে
----অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জেলা মজলিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর শহরের ট্রাক রোডস্থ জেলা জামায়াতের কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
|আরো খবর
জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য অধ্যাপক মাওলানা মো. লিয়াকত আলী ভূঁইয়া।
অধিবেশনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা আবদুর রহীম পাটওয়ারী, জেলা নায়েবে আমীর অ্যাড. মো. মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, ডা. আবদুল মবিন, মো. জাহাঙ্গীর আলম প্রধান ও মো. হারুন আর রশিদ। এ ছাড়া জেলা কর্মপরিষদ ও মজলিশে শুরার অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া শুরার সদস্যদের উদ্দেশ্যে বলেন, “মুমিন জীবনের উদ্দেশ্য আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। তাই আমাদের সকল কাজের লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন। ইকামাতে দ্বীনের দাওয়াত সকল মানুষের কাছে পৌঁছে দিতে শুরার সদস্যদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।”
তিনি বলেন, “জনগণের অধিকার আদায়ে নেতা-কর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়নে জামায়াতে ইসলামীর সকল জনশক্তিকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে এবং ৪০ দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে হবে।”
জুলাই বিপ্লব ও সমসাময়িক প্রসঙ্গ তুলে ধরে প্রধান অতিথি আরও বলেন, “জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতের জনশক্তিকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদী শক্তির নৈরাজ্য, অগ্নিসংযোগ ও দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দেশপ্রেমিক সকল নাগরিকের নৈতিক দায়িত্ব।”
সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।








