প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৭
সব্যসাচী লেখক পীযূষ কান্তি বড়ুয়ার সপ্তম কাব্যগ্রন্থ ‘মানচিত্রজুড়ে রক্ত’

২০২৭ এর অমর একুশে বইমেলাকে উপলক্ষ্য করে সব্যসাচী লেখক পীযূষ কান্তি বড়ুয়ার সপ্তম কাব্যগ্রন্থ ‘মানচিত্রজুড়ে রক্ত’ প্রকাশিত হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মনিরুজ্জামান পলাশ। বইটি প্রকাশ করেছেন কবি ও সম্পাদক আনোয়ার কামালের ‘এবং মানুষ’ প্রকাশনী। তিন ফর্মার এ বইটির মূল্য রাখা হয়েছে দুইশত টাকা মাত্র। বইটি পাওয়া যাচ্ছে ‘এবং মানুষ’ প্রকাশনীর বিক্রয়কেন্দ্রে।
যোগাযোগ : ০১৭১২৫০২৩৪৫ (প্রকাশক)।
কাব্যগ্রন্থটি সম্পর্কে প্রকাশক আনোয়ার কামাল (কবি, গল্পকার, প্রাবন্ধিক ও সাহিত্য আলোচক) লিখেছেন, ‘মানচিত্রজুড়ে রক্ত’ কবি পীযূষ কান্তি বড়ুয়ার অনবদ্য সৃষ্টি। কবি তাঁর যাপিত জীবনের নানান অনুষঙ্গ তুলে এনেছেন এ কবিতাগ্রন্থে।
মানচিত্রের আঁকাবাঁকা রেখাগুলো কেবল ভৌগোলিক সীমানা নয়, বরং বহুলাংশে তা কোটি প্রাণের রক্ত দিয়ে আঁকা এক রক্তাক্ত ইতিহাস। বিশ্বজুড়ে যে মানচিত্র আজ আমরা দেখি, তার প্রতিটি কোণে লুকিয়ে আছে যুদ্ধ, সাম্রাজ্যবাদ, দেশভাগ আর অধিকার আদায়ের নির্মম ট্র্যাজেডি। সভ্যতার অগ্রগতির খতিয়ান যখন যুদ্ধক্ষেত্রের রক্তে লেখা হয়, তখন কাঁটাতারের বেড়াও হয়ে ওঠে এক একটি ক্ষতের মতো।
ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায়, ক্ষমতার লোভ আর ভূরাজনীতির নিষ্ঠুর খেলায় বারবার রক্তাক্ত হয়েছে এই পৃথিবী। নিরীহ মানুষের রক্তে ভিজেছে জনপদ, বাস্তুচ্যুত হয়েছে লাখো পরিবার। আজকের দিনে দাঁড়িয়েও যখন বৈষম্য আর হানাহানি থামে না, তখন মনে হয় পুরো মানচিত্রটাই যেন এক বিশাল রক্তস্রোতে ভাসছে। শান্তি আর মানবতার বাণী ঢাকা পড়ে যায় বকধার্মিকদের রোষানলে। রক্তের এই হোলি খেলা বন্ধ না হলে, একদিন মানচিত্রের সব রং মুছে কেবল রক্তের লাল রঙটুকুই অবশিষ্ট থাকবে।
কবি তাঁর নাম শিরোনামীয় কবিতায় আক্ষেপের সুরে বলেছেন, এককালে পৃথিবীর কোলজুড়ে পুরুষ নামে বীর ছিলো/ সংকট-সংক্ষোভে পথে নেমে প্রতিবাদমুখর হতো/ নিজেদের বুকের রক্তে রক্ষা করতো মায়ের সম্ভ্রম/ বোনের ঐশ্বর্য পবিত্র রাখতে পেতে দিতো চওড়া বুক/ মেয়ের লাজ বাঁচাতেই হাতে নিতো সৎ সাহসের লাঠি।.... আজকাল বাংলার পুরুষেরা মরে সব ভূত হয়ে গেছে। একদল বিবর্তিত পশুর ভিড়ে মরদের সিংহরা বিলুপ্ত/ মায়ের জন্মগলিতে পশুদের লালায় জ্বলে ওঠে আগুন/ বোনের ঐশ্বর্যে নবরূপী শ্বাপদের নখরে তাণ্ডবে লাস/ বঙ্গজননীর বিলাপের জল আর মোছে না বীরপুত্ররা।... পুরোদেশ ভরে গেছে অহল্যায় পুরো গ্রাম-শহরে শ্বাপদ/ ধর্ষিতা বাংলাদেশ লাজে মাথা নুয়েছে পৃথিবীর সামনে/ বীরের দেশের মানচিত্রজুড়ে আজ শুধু রক্ত আর রক্ত!
কাব্যগ্রন্থটি পাঠকের নিশ্চয় ভালো লাগবে, এ কথা নিশ্চিতভাবে বলা যায়।





