শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২২:১৮

বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের চিকিৎসা সেবায় ডা. আরিফের সাফল্য

মো. মঈনুল ইসলাম কাজল।।
বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের চিকিৎসা সেবায় ডা. আরিফের সাফল্য

জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন শাহরাস্তি উপজেলার মেডিল্যাব হাসপাতালের পরিচালক ডা. আরিফ উল হাসান। সম্পূর্ণ নিজ উদ্যোগে অপারেশন ও ওষুধসহ যাবতীয় খরচ বহন করে অসহায় এসব রোগীর পাশে দাঁড়িয়েছেন তিনি।

মেডিল্যাব হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আবেদনের ভিত্তিতে অপারেশনের জন্য রোগীদের তালিকা প্রস্তুত করা হয়। ১০ জন রোগী হলেই অপারেশনের দিনক্ষণ চূড়ান্ত করা হয় এবং রোগীদের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়া হয় না। গত ১৩ অক্টোবর ২০২৬ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের দুদিনের মধ্যেই ২১ জন রোগীর সফল অপারেশন সম্পন্ন হয়। বিষয়টি ছড়িয়ে পড়লে চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকে রোগীরা আসতে শুরু করেন। ১৭ ও ১৮ নভেম্বর দ্বিতীয় পর্যায়ে ১৯ জন রোগীর অপারেশন করা হয়েছে। মাত্র এক মাসে রোগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এই চিকিৎসা সেবা।

সফলভাবে অপারেশন সম্পন্ন হওয়ায় রোগী ও স্বজনদের মাঝে স্বস্তি ও উৎসাহ দেখা গেছে। কুমিল্লার কোটবাড়ি থেকে তিন বছরের শিশু সামিয়া ইসলামকে নিয়ে চিকিৎসা নিতে আসেন মা রোজিনা আক্তার। মেয়ের সফল অপারেশন হওয়ায় তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। অন্যদিকে, সাড়ে তিন মাস বয়সী শিশু মাহদী হাসানকে নিয়ে কুমিল্লার লাকসাম উপজেলা থেকে আসেন বাবা মামুন হোসেন। জন্মগতভাবে ঠোঁটকাটা সন্তানের ভবিষ্যৎ নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন; ডা. আরিফ উল হাসানের সেবার কথা শুনে এখানে এসে অপারেশন করিয়েছেন।

এ বিষয়ে ডা. আরিফ উল হাসান বলেন, কয়েক বছর আগে ঠোঁটকাটা এক রোগীর চিকিৎসা করতে গিয়ে বিষয়টি আমাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। সে থেকেই এই রোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিজের পাশাপাশি হাসপাতালটিকেও তাদের উপযোগী করে গড়ে তুলেছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি টিম তৈরি করেছি।

তিনি আরও বলেন, ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটে, অনেক সময় তাদের বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়। সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এই চিকিৎসা সেবা অব্যাহত থাকবে। সব রোগীর চিকিৎসা নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়