প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৪:১৭
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম
দেশবাসীর দোয়া কামনা

চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী ও প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত হয়ে তিনি বর্তমানে চাঁদপুর শহরের ষোলঘরস্থ ফেমাস স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতিতে পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন মহলে গভীর উদ্বেগ বিরাজ করছে। তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আন্তরিক দোয়া চাওয়া হয়েছে।
|আরো খবর
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জনকারী আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম চাঁদপুরের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবায় এক সুপরিচিত নাম। আন্তর্জাতিক বাণিজ্য প্রসারে তিনি ফিনল্যান্ডের হেলসিংকি স্কুল অব ইকোনমিক্স থেকে ‘ট্রেড প্রমোশন’ বিষয়ে ডিপ্লোমা অর্জন করেন এবং ১৯৯১ সালে ফিনল্যান্ড সরকারের আমন্ত্রণে দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন।
তিনি চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি এবং দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবে পরপর সাতবার নির্বাচিত হন। এছাড়া তিনি বেসিক ব্যাংক লিমিটেডের পরিচালক, সার্ক চেম্বারের সদস্য এবং বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ব্যবসার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতেও তাঁর অনন্য অবদান রয়েছে। তিনি পুরান বাজার ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান, পুরান বাজার উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি এবং পুরান বাজার মার্চেন্টস একাডেমির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাস্থ্যসেবায় মাজেহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সহ-সভাপতি, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন চাঁদপুরের সহ-সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি চাঁদপুর ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান এবং রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের চেয়ারম্যান ছিলেন।
এছাড়া তিনি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ভাইস-প্রেসিডেন্ট, চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং চাঁদপুর পৌরসভার সাবেক ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এবং পাঁচবার হজ্বব্রত পালনকারী এই প্রবীণ ব্যক্তিত্বের অসুস্থতায় চাঁদপুরের সর্বস্তরের মানুষ তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করেছেন।






