প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২০:৩৯
শাহমাহমুদপুরে চেয়ারম্যান পদপ্রত্যাশী বাকের খন্দকারের গণসংযোগ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২, ৩ ও ৪নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রত্যাশী এস এম বাকের খন্দকারের গণসংযোগকে ঘিরে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিকেলে তাঁর এই গণসংযোগে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বেশ কয়েকটি স্থান জনসমাগমে রূপ নেয়।
|আরো খবর
বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ গণসংযোগে এস এম বাকের খন্দকার সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। তাঁকে একনজর দেখতে এবং সরাসরি কথা বলতে বিভিন্ন বয়সী মানুষ এগিয়ে আসেন। স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের প্রাণবন্ত উপস্থিতিতে গণসংযোগস্থলগুলো উৎসবমুখর হয়ে ওঠে।
গণসংযোগ চলাকালে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেক ভোটার তাঁকে কাছে পেয়ে এলাকার উন্নয়ন ও নিজেদের নানা প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় ভোটাররা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে তাঁকে সমর্থন ও ভোট দেওয়ার আশ্বাস দেন। সব মিলিয়ে তিনটি ওয়ার্ডে তাঁর এ গণসংযোগ স্থানীয় নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম বাবলু ও মোশারফ কারী, সদর থানা যুবদলের সদস্য মজিবুর রহমান খান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম গাজী, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক শান্ত গাজী, স্বেচ্ছাসেবক দল নেতা রিন্তু খন্দকার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য হাবিব হাছান ও রহিম মল্লিক, ২নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাইউম মল্লিক এবং সাবেক সহ-সভাপতি শাকিল বেপারীসহ স্থানীয় নেতা-কর্মীরা।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে সামনে রেখে শাহমাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় ২, ৩ ও ৪নং ওয়ার্ডে এস এম বাকের খন্দকারের এ গণসংযোগে বিপুল মানুষের অংশগ্রহণ তাঁর নির্বাচনী প্রস্তুতি ও জনপ্রিয়তাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।








