প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২১:৩০
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা বার ডমিনিয়ন

ঢাকার ফার্মগেটস্থ ক্লেমন ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত 'অ্যাডভোকেট প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০২৬'-এ দাপুটে জয় পেয়েছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি দল। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) দুপুরে অনুষ্ঠিত ম্যাচে তারা ঢাকা বার ডমিনিয়ন দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে।
|আরো খবর
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা বার ডমিনিয়ন। নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে তারা। ১২৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি। মাত্র ৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় চাঁদপুর। দলের জয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৫ রান করেন সুমন সরকার জয়। এছাড়া রেদওয়ান ২৫, রহিম রুবেল ২৪, আবির ১৭ ও রিয়াদ ১১ রান করেন। অলরাউন্ড নৈপুণ্য ও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 'ম্যান অব দ্য ম্যাচ' নির্বাচিত হন চাঁদপুরের সুমন সরকার জয়।
এর আগে, একই দিন সকাল ৯টায় একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মুখোমুখি হয়েছিল চাঁদপুর। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই ম্যাচে ৪ উইকেটে হেরে যায় চাঁদপুরের দলটি। এছাড়া একই ভেন্যুতে রাত ৯টায় ‘রুলার’ দলের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামার কথা চাঁদপুরের।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি দল : আবির হায়াত, কাউসার হোসেন, রিয়াদ হোসেন মুনতাসির, রহিম রুবেল, ফয়সাল জিলানী, মহিউদ্দিন, সুমন সরকার জয়, রেদওয়ান, আব্দুস সালাম, শিবলী, আবুবকর মুন্না, আবুল বাশার সুমন, সাকিব পাটোয়ারী, সৈকত ও আবু বকর। টিম ম্যানেজার : ইয়াসিন আরাফাত ইকরাম। সমন্বয়কারী : বদরুল আলম চৌধুরী ও ব্যারিস্টার শাহরিয়ার আহম্মেদ শাওন।








