শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ২২:১৮

হাজীগঞ্জের মেনাপুরে সড়ক দুর্ঘটনায় তরিকুল নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আলমগীর কবির।।
হাজীগঞ্জের মেনাপুরে সড়ক দুর্ঘটনায় তরিকুল নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাজীগঞ্জ উপজেলার মেনাপুর গ্রামে বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরিকুল ইসলাম নামের এক যুবক নিহতের ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরিবার, স্বজন ও এলাকাবাসী।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) নিহত তরিকুলের নিজ গ্রাম মতলব দক্ষিণ উপজেলার ‘দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা’ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেনাপুর তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে এক মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে বক্তারা তরিকুলের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক তরতাজা প্রাণ ঝরে গেছে। নিহত তরিকুলের আড়াই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, দ্রুত তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

মানববন্ধনে নিহত তরিকুলের পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, মুকন্দসার গ্রামের মো. বাবুল প্রধানীয়ার ছেলে মোটরসাইকেলচালক মো. মোস্তাফিজুর রহমানের বেপরোয়া গতির কারণে তরিকুলের প্রাণ গেছে। আসামির উপযুক্ত ও কঠোর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে হাজীগঞ্জের মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে দ্রুতগামী এক মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন বাইসাইকেল আরোহী তরিকুল ইসলাম। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই রাতেই তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়