শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১৯:৩২

চাঁদপুর শহরে গ্যাস সংকট, দুর্ভোগে শত শত গ্রাহক

পানি উন্নয়ন বোর্ডের সামনে গ্যাস লাইনে লিকেজ, মেরামতে আরও ৪–৫ ঘণ্টা লাগতে পারে

আব্দুল্লাহ আল মামুন।।
পানি উন্নয়ন বোর্ডের সামনে গ্যাস লাইনে লিকেজ, মেরামতে আরও ৪–৫ ঘণ্টা লাগতে পারে

চাঁদপুর শহরে গ্যাস লাইনে লিকেজের কারণে বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুর থেকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। এতে শত শত গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে গ্যাসের ওপর নির্ভরশীল পরিবারগুলোতে রান্নাবান্নাসহ দৈনন্দিন পারিবারিক কাজে দেখা দিয়েছে চরম ব্যাঘাত।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে গ্যাস লাইনে লিকেজ দেখা দেয়। এ সময় পাইপলাইন থেকে গ্যাস বের হতে শুরু করলে গ্যাস সরবরাহে সমস্যা দেখা দেয়। খবর পেয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সংশ্লিষ্ট প্রকৌশলীরা লিকেজ মেরামত ও গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ শুরু করেন।

দীর্ঘ সময় গ্যাস না থাকায় বাসাবাড়িতে দুপুর ও রাতের খাবার রান্না করতে গিয়ে বিপাকে পড়েন বাসিন্দারা। অনেক পরিবারকে বিকল্প উপায়ে রান্নার ব্যবস্থা করতে হচ্ছে। কেউ কেউ বাইরে থেকে খাবার কিনে খেতে বাধ্য হচ্ছেন। এতে বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের খাবারের ব্যবস্থা নিয়েও ভোগান্তিতে পড়েছেন পরিবারের সদস্যরা।

এ ছাড়া গ্যাসের ওপর নির্ভরশীল হোটেল-রেস্তোরাঁ, খাবারের দোকান ও অন্যান্য ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রমেও বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। দ্রুত লিকেজ মেরামত করে স্বাভাবিক গ্যাস সরবরাহ চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

গ্যাস সরবরাহে বিঘ্নের কারণ জানতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ম্যানেজার (সেলস) প্রকৌশলী মো. মোবারক হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “অপ্রত্যাশিত এই গ্যাস লিকেজের ঘটনায় আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। সংশ্লিষ্ট প্রকৌশলীরা মেরামতের কাজ করছেন। আশা করছি, আজকের মধ্যেই অর্থাৎ আরও চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে গ্যাস লাইনের ত্রুটি মেরামত করে সরবরাহ সচল করতে সক্ষম হব।”

তিনি আরও জানান, গ্রাহকদের ভোগান্তি কমাতে দ্রুত কাজ শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে কখন নাগাদ পুরোপুরি গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, তা নির্ভর করছে মেরামতকাজ সম্পন্ন হওয়ার ওপর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়