বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫১

হাজীগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

হাজীগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জে বিষধর সাপের কামড়ে আব্দুল হান্নান মিজি (৪৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হান্নান মিজি উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মিজি বাড়ির আবুল কালামের ছোট ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে হান্নান মিজি মাঠের কাজ শেষ করে বাড়ি ফেরেন। বাড়িতে এসে খাওয়া-দাওয়া শেষে বিশ্রাম নেওয়ার একপর্যায়ে তিনি শারীরিক অসুস্থতা ও তীব্র যন্ত্রণা অনুভব করেন এবং একাধিকবার বমি করেন। তার অবস্থা আশঙ্কাজনক দেখে পরিবারের লোকজন দ্রুত তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম জানান, "হান্নান মিজি বিকেলে বিলের মাঠে কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে, সেখানেই তাকে বিষধর কোনো সাপ কামড় দিয়েছিলো। কিন্তু শুরুতে তিনি কামড়ের বিষয়টি বুঝতে পারেননি কিংবা তেমন যন্ত্রণা অনুভব করেননি। পরে বাড়িতে এসে খাওয়া-দাওয়ার পর বিষক্রিয়া ছড়িয়ে পড়লে তিনি তীব্র যন্ত্রণা অনুভব করেন ও বমি করতে থাকেন।"

স্থানীয় ইউপি সদস্য মো. জহির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাপের কামড়েই কৃষক হান্নান মিজির মৃত্যু হয়েছে বলে পরিবার ও স্থানীয়দের মাধ্যমে তিনি নিশ্চিত হয়েছেন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, "হাসপাতালে নিয়ে আসার আগেই হান্নান মিজির মৃত্যু হয়েছিল।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়