প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৭
হাজীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

হাজীগঞ্জে স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন কৃষক গ্রুপের মাঝে ৮১টি আধুনিক ও ভারী কৃষি যন্ত্রপাতি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
|আরো খবর
২০২৫-২৬ অর্থবছরে ‘কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহর সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী ও উপকারভোগী কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিতরণকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে—৯টি ধান কাটার যন্ত্র (রিপার), ১১টি ধান মাড়াই যন্ত্র, ১১টি ফুট পাম্প, ৫টি বেড প্ল্যান্টার, ৬টি ভুট্টা মাড়াই যন্ত্র, ২৮টি হ্যান্ড স্প্রেয়ার এবং ১১টি এলএলপি (লো লিফট পাম্প)।
অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পু, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ, উপজেলা কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কামাল হোসাইন, মো. আহসানুজ্জামান, মো. শাহাদাত হোসেন ও শাহপরানসহ অন্যান্য কৃষি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি ক্যাপশন : হাজীগঞ্জে কৃষকদের মাঝে বিতরণকৃত অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতির একাংশ। ছবি : চাঁদপুর কণ্ঠ।








