শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪৭

অপরিকল্পিত উন্নয়নের বলি রাজারগাঁও বাজার

‎বৃষ্টিতে জমে হাঁটুপানি, ব্যবসায় ধস

আলমগীর কবির
‎বৃষ্টিতে জমে হাঁটুপানি, ব্যবসায় ধস
রাজারগাঁও বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে সড়কের উপর পানি জমে ক্রেতা-বিক্রেতাদের চলাচলে সমস্যা সৃষ্টি করে। ছবি : আলমগীর কবির

রাজারগাঁও বাজারে ড্রেনেজ ব্যবস্থার অভাব : সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম জনদুর্ভোগ

হাজীগঞ্জ উপজেলার দ্বিতীয় সর্ববৃহৎ ও প্রসিদ্ধ বাণিজ্যিক কেন্দ্র রাজারগাঁও বাজার। ব্যবসায়িক দিক থেকে অত্যন্ত প্রসিদ্ধ এই বাজারে প্রতিদিন হাজার হাজার ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। তবে কার্যকর কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বাজারে হাঁটু সমান পানি জমে সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা ও জনদুর্ভোগ

সরেজমিনে দেখা যায়, হাজীগঞ্জ উপজেলায় অবস্থান হলেও পার্শ্ববর্তী মতলব উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ প্রতিনিয়ত এ বাজারে কেনাকাটা করতে আসেন। বিশেষ করে শনিবার ও বুধবার—সপ্তাহের এই দুই হাটের দিনে বাজারটিতে উপচেপড়া ভিড় থাকে। কিন্তু সমন্বিত ড্রেনেজ ব্যবস্থা না রেখে অপরিকল্পিতভাবে বাজারের প্রধান সড়ক ও ভেতরের গলিগুলো পাকা করা হয়েছে। ফলে একটু বৃষ্টি হলেই পানি নামতে না পেরে প্রধান সড়ক ও গলিতে জমা হয়ে হাঁটুপানিতে রূপ নেয়। এতে করে হাটে আসা সাধারণ ক্রেতা-বিক্রেতা, পথচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, পূর্বে বাজারের পূর্ব থেকে পশ্চিম বাজার এবং পশ্চিম বাজার ব্রিজ থেকে উত্তর বাজারের কামার পট্টি পর্যন্ত প্রধান সড়কের পাশ দিয়ে ড্রেন চালু ছিলো। কিন্তু ৪-৫ বছর আগে নতুন সড়ক নির্মাণের সময় আগের ড্রেনটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। নতুন করে কোনো ড্রেন না রেখেই অপরিকল্পিতভাবে সড়কটি পাকা করা হয়।

ব্যবসায়ীদের মতে, যোগাযোগের সুবিধার জন্য সড়ক পাকা করা হলেও পরিকল্পিত ড্রেনেজ না থাকায় লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই বাজারজুড়ে পানি জমে যায়, ফলে বাজারে ক্রেতাদের সমাগম প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। এতে দীর্ঘ দিন ধরে তারা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এ বিষয়ে ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমান বলেন, "তৎকালীন সময়ে ড্রেনেজ ব্যবস্থা না রেখেই অপরিকল্পিতভাবে সড়কটি পাকা করা হয়েছিল। ফলে বাজারে আসা ক্রেতা-সাধারণ, পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। জনদুর্ভোগ লাঘবে অতিদ্রুত বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়