প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১
বাসের চাকায় হাতের ছাপ, নিভে গেলো মাইলস্টোনের শিক্ষিকা তিশার জীবনপ্রদীপ
চাঁদপুরের বহুল পরিচিত রোটারিয়ান সফিউদ্দিন আহমেদের একমাত্র মেয়ের মৃত্যুতে গভীর শোকের ছায়া

রাজধানীর বনশ্রীতে দু বাসের চাপায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের পরিচিত মুখ, ‘চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবে’র সাবেক সভাপতি, নামকরা লন টেনিস খেলোয়াড় রোটারিয়ান সফিউদ্দিন আহমেদের মেয়ে তাসপিয়া আহমেদ তিশা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখার শিক্ষক ছিলেন। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রী জি-ব্লক মেইন রোডে ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, নিহত তিশা মোটরসাইকেলের পেছনে চেপে যাচ্ছিলেন। পথে রমজান পরিবহনসহ দুটি বাসের মাঝখানে পড়ে তিনি ছিটকে নিচে পড়ে যান এবং দু বাসের চালকের প্রতিযোগিতার মাঝে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর পুলিশ তার মরদেহ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
দুর্ঘটনাকবলিত স্থান থেকে পাওয়া গেছে এক হৃদয়বিদারক দৃশ্য—যে বাসের চাকায় পিষ্ট হয়ে তিশার অকালমৃত্যু ঘটেছে, সেই চাকায় তখনও স্পষ্ট লেগে ছিলো তার হাতের রক্তভেজা ছাপ।
খিলগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক রমজান পরিবহনের বাসসহ জড়িত অপর বাসটিকে জব্দ করা হয়েছে। একই সঙ্গে দু বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
নিহতের ভাই এনাম আহমেদ জানান, তার বোন দাপ্তরিক কাজে বাসা থেকে বের হয়েছিলেন। সন্ধ্যায় তিনি সড়ক দুর্ঘটনার খবর পান। বনশ্রীর স্থানীয় ব্যবসায়ী মো. মূসা জানান, আজ (বৃহস্পতিবার) তিশার কক্সবাজারে ঘুরতে যাওয়ার কথা ছিলো, অথচ একদিন আগেই মর্মান্তিক দুর্ঘটনায় তার প্রাণ চলে গেলো।
তিশা আহমেদের এমন মর্মান্তিক মৃত্যুতে চাঁদপুরের রোটারী অঙ্গন, শিক্ষকমহল ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।







