প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০
এএসএম শফিকুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আল-আমিন এতিমখানায় নানা কর্মসূচি

চাঁদপুরের আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক চাঁদপুর কণ্ঠের কলামিস্ট ও কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬-এর সাবেক সভাপতি আলহাজ্ব এএসএম শফিকুর রহমান পাটওয়ারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ ফজর আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের শিক্ষার্থীরা মরহুমের রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন খতম করেন। বাদ জোহর এতিমখানা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে মধ্যাহ্নভোজ বিতরণ করা হবে। পরবর্তীতে বাদ আসর এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা চাঁদপুর পৌর কবরস্থানে তাঁর কবর জিয়ারত এবং বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
উল্লেখ্য, সমাজসেবক, সংগঠক ও লেখক আলহাজ্ব এএসএম শফিকুর রহমান পাটওয়ারী ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন দৈনিক চাঁদপুর কণ্ঠে নিয়মিত কলাম লেখার পাশাপাশি চাঁদপুরের উত্তর গুনরাজদীতে আল-আমিন এতিমখানা কমপ্লেক্স প্রতিষ্ঠা ও পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেন। এতিম শিশুদের শিক্ষা, আবাসন ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি আজীবন কাজ করে গেছেন। এছাড়া কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হিসেবে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে তাঁর বিশেষ অবদান ছিল।








