মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৬

তিন বিচারকের প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

চাঁদপুরে এমন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা

আদালত প্রতিবেদক।।
তিন বিচারকের প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ
ক্যাপশন: চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলের আগে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু।

চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ ও সদর সিনিয়র সিভিল জজের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অশোভন আচরণের অভিযোগ তুলে তাঁদের অনতিবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সমিতির নেতাকর্মী ও সাধারণ আইনজীবীরা বক্তব্য দেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বলেন, "আইনজীবীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা থাকলেও বিচারকেরা কাজে নানাভাবে বাধা সৃষ্টি করেছেন। এ কারণেই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত জেলা আইনজীবী সমিতির আন্দোলন চলবে।" তিনি পরদিনও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে উপস্থিত আইনজীবীদের আন্দোলনে সক্রিয় অংশ নেওয়ার আহ্বান জানান। মিছিলের আগে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট বাবর বেপারী ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম মেহেদী। প্রতিবাদ সভাশেষে আইনজীবীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর একই দাবিতে আদালত প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও মানববন্ধন পালন করেন আইনজীবীরা। তারও আগে, ৯ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে প্রায় সাড়ে চার শ' আইনজীবীর উপস্থিতিতে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় সংশ্লিষ্ট তিন বিচারকের আদালত বর্জনের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। বর্জনের তালিকায় থাকা তিন বিচারক হলেন— চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ পলাশ বর্ধন এবং সদর সিনিয়র সিভিল জজ শম্পা ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়