প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:২০
স্ত্রীর মৃত্যুর শোক কাটতে না কাটতেই পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্ত্রী নেই। মাত্র তিন মাস আগে ক্যানসারে আক্রান্ত হয়ে না-ফেরার দেশে চলে গেছেন আয়েশা বেগম। মায়ের শূন্যতা বুঝে ওঠার আগেই পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল তিন বছরের শিশু সন্তান আব্দুর রহমানের। স্ত্রীকে হারানোর শোক সামলে ওঠার আগেই ছোট ছেলেকে হারিয়ে পাথর হয়ে গেছেন বাবা আব্দুল কাদের। নিভে গেল একটি সাজানো-গোছানো পরিবারের প্রদীপের আলো।
|আরো খবর
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান ওই গ্রামের বাসিন্দা ও সরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাদেরের ছেলে। তাঁর প্রয়াত স্ত্রী আয়েশা বেগমও গোবরচিত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
স্বজনরা জানান, তিন ভাইয়ের মধ্যে আব্দুর রহমান ছিল সবার ছোট। মায়ের মৃত্যুর পর বাড়িতে তাকে দেখাশোনার মতো কেউ ছিল না। তাই বাবার কর্মস্থল বিদ্যালয়ই হয়ে উঠেছিল তার প্রতিদিনের ঠিকানা। যথারীতি মঙ্গলবার সকালেও বাবার সঙ্গে স্কুলে গিয়েছিল ছোট্ট আব্দুর রহমান। কিন্তু সকাল সাড় ১০টার দিকে সবার অলক্ষে সে বিদ্যালয়ের পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। যে সন্তানকে মাতৃহারা হওয়ার পর বাবা বুকের ভেতর আগলে রাখছিলেন, সে-ও চলে গেল না-ফেরার দেশে।
মাত্র তিন মাস আগে স্ত্রীকে হারিয়েছেন আব্দুল কাদের। সেই শোকের ক্ষত এখনো তাজা। স্ত্রীর স্মৃতি আর ছোট ছেলেকে ঘিরে বেঁচে থাকার যে সামান্য আশাটুকু ছিল, মর্মান্তিক এই দুর্ঘটনায় তাও যেন চুরমার হয়ে গেল।








