সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ২০:৪৩

বালুর বদলে চরের কাদা-মাটিতে সয়লাব রাস্তা

ফরিদগঞ্জে আইইউজিআইপি কাজে অনিয়মের অভিযোগ

শামীম হাসান
ফরিদগঞ্জে আইইউজিআইপি কাজে অনিয়মের অভিযোগ

ফরিদগঞ্জ পৌর এলাকায় আইইউজিআইপি’র রাস্তা নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত বালুর পরিবর্তে নদী বা চরের ড্রেজার দিয়ে কাদা-মাটি তুলে রাস্তা ভরাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় যুবদল নেতা আমিন মিজি মাটি বিক্রির চুক্তির কথা মুঠোফোনে স্বীকার করলেও চর উন্নয়ন কমিটির সভাপতি ফোন রিসিভ করেননি। অন্যদিকে প্রশাসন বলছে, এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। গত রোববার (১ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার কেরোয়া গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসীর ক্ষোভ ও অনিয়মের চিত্র

সংশ্লিষ্ট এলাকাবাসী জানান, গত শনিবার কেরোয়া গ্রামের গজারিয়া চরে সরকার ঘোষিত অবৈধ মিনি ড্রেজার স্থাপন করা হয় এবং প্রায় ৬০০ ফুট দীর্ঘ পাইপ সংযোগ দেওয়া হয়। পরদিন রোববার দুপুরে ড্রেজার চালু করে রাস্তা নির্মাণের জন্য কাটা বক্সে কাদা-মাটি ভরাটের কাজ শুরু হয়। ড্রেজারের কারণে সৃষ্ট পানিতে রাস্তা সয়লাব হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় হাজারো মানুষ। রাস্তা দিয়ে চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পৌর কর্তৃপক্ষের বক্তব্য

এ বিষয়ে ফরিদগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুল কাদির মুঠোফোনে জানান, রাস্তাটি আইইউজিআইপি’র প্রকল্পের অধীনে নির্মিত হচ্ছে এবং এর দেখভালের দায়িত্বে পৌর কর্তৃপক্ষ ও আইইউজিআইপি’র নির্দিষ্ট প্রকৌশলীরা রয়েছেন। তবে তিনি জানান, রোববারের কাজের বিষয়ে তাদের কোনো প্রতিনিধিকে জানানো হয়নি। চর থেকে ড্রেজার দিয়ে বালু বা মাটি রাস্তার কাজে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, চর উন্নয়ন কমিটির অনুমতি ছাড়া সেখানে ড্রেজার স্থাপন ও মাটি উত্তোলন করা অসম্ভব, যা কমিটির সঙ্গে যোগসাজশের ইঙ্গিত দেয়।

যুবদল নেতার স্বীকারোক্তি ও ঠিকাদারের বক্তব্য

ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীরা উপস্থিত হওয়ার প্রায় ৪০ মিনিট পর চর উন্নয়ন কমিটির কোষাধ্যক্ষ ও যুবদল নেতা আমিন মিজি মুঠোফোনে কথা বলেন। তিনি জানান, চর উন্নয়ন কমিটির সভাপতি মজিবুর রহমান দুলাল এবং সাধারণ সম্পাদক আজাদ পাটোয়ারী। চরের ড্রেজার থেকে মাটি নেওয়ার জন্য স্থানীয় বাসস্ট্যান্ডের সাব-ঠিকাদার মো. শাহজাহানের সঙ্গে প্রতি স্কয়ার ফুট ১৫ টাকা দরে চুক্তি হয়েছে বলে তিনি স্বীকার করেন। তবে এ বিষয়ে বক্তব্যের জন্য চর উন্নয়ন কমিটির সভাপতি মজিবুর রহমান দুলালকে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, মূল রাস্তার কাজটি ‘এসএস এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী রাকিবুল হাসান দীপুর নামে হলেও মূলত সাব-ঠিকাদার হিসেবে কাজটি করছেন মো. শাহজাহান। তবে ঠিকাদার রাকিবুল হাসান দীপু দাবি করেন, শাহজাহানকে তিনি চেনেন না এবং তার লাইসেন্স ব্যবহার করে অনেকেই কাজ করে। ড্রেজার দিয়ে মাটি তোলার বিষয়টি আইইউজিআইপি ও পৌরসভার প্রকৌশলীরা দেখবেন বলে জানান তিনি।

প্রশাসনের কঠোর হুশিয়ারি

ঘটনা প্রসঙ্গে ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান বলেন, সোমবার (২ নভেম্বর ২০২৬) সরেজমিন উপস্থিত হয়ে এ বিষয়ে সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক জানিয়েছেন, অনিয়মের এই ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়