প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৯
শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ

শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ টাকা জরিমানা এবং মাটি কাটায় ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার নরিংপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
|আরো খবর
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে খেড়িহর গ্রামের ইসমাইল হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ঘটনাস্থল থেকে মাটি কাটায় ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করে স্থানীয় প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শাহরাস্তিতে অবৈধ ড্রেজার পরিচালনাকারীদের বিরুদ্ধে এ যাবৎকালের মধ্যে এটিই সর্বোচ্চ অর্থদণ্ড আদায়ের ঘটনা।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান জানান, “কৃষি জমির উর্বরতা ও টপ সয়েল (উপরিভাগের মাটি) রক্ষায় প্রশাসন শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। অবৈধভাবে ড্রেজার চালিয়ে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”








