প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:০১
শাহরাস্তির আয়নাতলী বাজারে মাদকবিরোধী র্যালি
মাদকের বিরুদ্ধে কঠোর বার্তার হুঁশিয়ারি

মাদকের সামাজিক ভয়াবহতা রুখতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শাহরাস্তিতে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের অংশগ্রহণে সোমবার বিকেলে এলাকাটিতে একটি শোভাযাত্রা (র্যালি) ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
|আরো খবর
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারে এ কর্মসূচি পালিত হয়। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে বিকেল ৩টা থেকে ঘণ্টাব্যাপী আয়নাতলী বাজার ও সংলগ্ন প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিতে উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গৌতম চন্দ্র হালদার, চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরনবী দীপু, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো. শান্ত হাসান এবং ছাত্রনেতা সাহাব উদ্দিন নয়নসহ স্থানীয় পুলিশ সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ পেশাজীবী মানুষ অংশ নেন।
র্যালিশেষে ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এক মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরে বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পুরো পরিবার ও সমাজকে বিপন্ন করে তোলে। তাই মাদকের কুফল থেকে সমাজকে বাঁচাতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাবেশে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, মাদক ব্যবসা ও সেবনের তথ্য তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে সহায়তা করতে হবে। একই সঙ্গে শাহরাস্তি মডেল থানা পুলিশের পক্ষ থেকে মাদকের জিরো টলারেন্স নীতি বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।








