প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩
ফরিদগঞ্জে নজরুলবর্ষ উদ্বোধন

সরকার ঘোষিত ‘নজরুলবর্ষ' ফরিদগঞ্জে উদ্বোধন হয়েছে। সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকালে বেলুন উড়ানোর মধ্যে দিয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন হয়েছে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুল্যাহ আল মামুনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান, ওসি (তদন্ত) আল আমিন হোসাইন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান ইমরোজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
|আরো খবর
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বাংলা সাহিত্যের একজন কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চিরন্তন প্রতীক। তাঁর কবিতা ও গান বাঙালির চেতনায় যুগের পর যুগ সাহস ও প্রেরণা জুগিয়েছে।
কাজী নজরুল ইসলাম তাঁর লেখনীর মাধ্যমে শোষণ, বঞ্চনা, অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি ধর্ম-বর্ণের বিভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে দেখার যে মহান শিক্ষা দিয়ে গেছেন, তা আজকের সমাজেও অত্যন্ত প্রাসঙ্গিক।
তাঁর অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতা আমাদের অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস শেখায়। তাঁর গান আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, তাঁর প্রেম ও সাম্যের কবিতা আমাদের হৃদয়কে করে আরও মানবিক।
আজকের এই ‘নজরুলবর্ষ’ উদ্বোধন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়। এর মাধ্যমে আমরা জাতীয় কবির সাহিত্য, সংগীত, দর্শন ও জীবনাদর্শকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার অঙ্গীকার করছি। আমাদের তরুণ প্রজন্মকে নজরুলের সাহিত্য পড়তে হবে, তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিতে হবে। কারণ একটি সুন্দর, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনে নজরুলের আদর্শ আজও আমাদের পথ দেখাতে পারে।
ডিসিকে /এমজেডএইচ,








