প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬
থিয়েটার ফোরামের ১০দিনব্যাপী নাট্যোৎসবের অষ্টম দিনের আলোচনা পর্ব
মেয়র নির্বাচিত হলে শিল্প-সংস্কৃতির কল্যাণে প্রয়োজনীয় সব করবো
---------আক্তার হোসেন মাঝি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী 'নজরুলবর্ষ' উদযাপন উপলক্ষে চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে ১০দিনব্যাপী নাট্যোৎসবের অষ্টম দিন অতিবাহিত হয়েছে। সংগীতানুষ্ঠান, শুভেচ্ছা পর্ব ও একক নাটকের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে দিনটি উদযাপিত হয়।
|আরো খবর
এদিন সোমবার (৩১ আগস্ট ২০২৬) বিকেলে আয়োজিত শুভেচ্ছা পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাসাসের সদস্য সচিব মোবারক হোসেন শিকদার। থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।
তিনি বলেন, চাঁদপুরের শিল্প-সংস্কৃতির কল্যাণে মহান সৃষ্টিকর্তা যদি আমাকে সুযোগ দেন এবং আমি মেয়র নির্বাচিত হই, তবে প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতি দিচ্ছি। আপনাদের অবগতির জন্য জানাই, মেয়র হওয়ার আগেই আমি শিল্প-সংস্কৃতির জন্য কাজ করে আসছি। এ ক্ষেত্রে আমাদের পারিবারিক অবদান রয়েছে। আপনাদের এই সাংস্কৃতিক চর্চাকেন্দ্রটির জমিও আমাদের পৈতৃক সম্পত্তি। তৎকালীন জেলা প্রশাসক ইসমাইল হোসেন আমাদের পরিবারের মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে চর্চাকেন্দ্রের জন্য এই জায়গাটি চেয়ে নেন। আওয়ামী লীগ সরকারের আমলে এটি তৈরি হলেও ৫ আগস্টের পর আমরা এটি পুনর্দখলের চেষ্টা করিনি; কারণ আমরা চাই শিল্প-সংস্কৃতির বিকাশ ঘটুক।
তিনি আরও বলেন, আমার বাবা তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। আমরা তাঁর সেই ধারাবাহিকতাই রক্ষা করে চলছি। নজরুলবর্ষ উপলক্ষে এই নাট্যোৎসবের আয়োজন করায় থিয়েটার ফোরামকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, কবি নজরুল ইসলাম যেমন ইসলামী গান লিখেছেন, তেমনি শ্যামা সংগীতও রচনা করেছেন। এমন বহুমুখী সৃষ্টি আর কোনো কবির পক্ষে সম্ভব হয়নি। এই নাট্যোৎসবের মাধ্যমে থিয়েটার ফোরাম স্থানীয় সংস্কৃতি অঙ্গনকে নতুন করে জাগ্রত করেছে। আগে শীত মৌসুমে গ্রামাঞ্চলে নাটকের মহড়া হতো, যা এখন আর দেখা যায় না। এর কারণগুলো আপনাদের খতিয়ে দেখা দরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. গাজী মো. জসীম উদ্দিন ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী এবং শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক মো. কামাল হোসেন। তারা প্রধান অতিথি আক্তার হোসেন মাঝির কাছ থেকে সংবর্ধনা ক্রেস্ট গ্রহণ করেন।
এর আগে বিকেল সাড়ে ৪টায় 'স্বদেশ' ও 'বঙ্গজ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন'-এর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
সবশেষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত নাট্য সংগঠন পুরাণবাজার অনুপম নাট্যগোষ্ঠীর পরিবেশনায় 'পুনর্জন্ম' নাটকটি মঞ্চস্থ হয়। জসীম মেহেদীর রচনা ও নির্দেশনায় নাটকটিতে একক অভিনয় করেন গোবিন্দ মণ্ডল। নাটকটির মূল উপজীব্য ছিলো : ক্ষয়িষ্ণু সমাজের বাস্তব চিত্র, যেখানে অন্যায়, স্বার্থপরতা ও মানবিক মূল্যবোধের অবক্ষয় মানুষকে ক্ষতবিক্ষত করে। একই সঙ্গে মাদকের আগ্রাসী থাবা কীভাবে সমাজকে গ্রাস করছে, তা নাটকে জীবন্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
ডিসিকে /এমজেডএইচ








