প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১০:০৩
দু মাসের দুর্ভোগশেষে স্বস্তির অপেক্ষায় আর ১০দিন
বলাখালে ৩০০ মিটার শেষে হাজীগঞ্জে ৮৭০ মিটার আরসিসি সড়ক

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখাল বাজার এলাকায় ৩০০ মিটার আরসিসি সড়কের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে চলমান থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী, চালক ও পথচারীরা। গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করায় নির্মাণকাজের কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। চাঁদপুর থেকে কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রুট চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক। এ মহাসড়কের বলাখাল বাজার অংশটি স্থানীয় ও দূরপাল্লার যানবাহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। কিন্তু প্রায় দু মাস ধরে বলাখাল বাজারসংলগ্ন এলাকায় প্রায় ৩০০ মিটার আরসিসি সড়কের নির্মাণকাজ চলমান থাকায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, সড়কের একাংশে নির্মাণকাজ চলায় যানবাহনকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। ব্যস্ত সময়ে উভয় পাশে যানবাহনের চাপ বেড়ে গেলে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। এতে যাত্রীদের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ গুরুত্বপূর্ণ যানবাহন চলাচলেও সময় বেশি লাগছে।
এ সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রীবাহী বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। ফলে নির্মাণকাজ দ্রুত শেষ না হলে জনদুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষের দুর্ভোগের বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার জন্যে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের গতি বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে মুঠোফোনে কথা হলে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহিনুর রহমান বলেন, বলাখালে রোডের আরসিসি কাজ আগামী ১০ দিনের মধ্যেই আমরা শেষ করে ফেলবো। সে অনুযায়ী বর্তমানে কাজ চলছে। মানুষের ভোগান্তির বিষয়টি আমরা বুঝতে পারছি এবং কাজটি দ্রুত শেষ করার জন্যে সর্বোচ্চ চেষ্টা করছি।
তিনি আরও জানান, বলাখাল অংশের কাজ শেষ হওয়ার পর হাজীগঞ্জ অংশে প্রায় ৮৭০ মিটার আরসিসি সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ কাজ বাস্তবায়িত হলে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ওই অংশের সড়ক যোগাযোগ আরও উন্নত ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। সড়ক ব্যবহারকারী ও স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে নির্মাণকাজ দ্রুত শেষ করা জরুরি। একই সঙ্গে কাজ চলাকালে যানবাহন চলাচলের জন্যে পর্যাপ্ত জায়গা রাখা, ধুলাবালি নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে বলাখাল অংশের ৩০০ মিটার আরসিসি সড়কের কাজ শেষ হলে এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে। পরবর্তীতে হাজীগঞ্জ অংশের ৮৭০ মিটার আরসিসি সড়ক নির্মাণ সম্পন্ন হলে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের যোগাযোগব্যবস্থা আরও আধুনিক, টেকসই ও জনবান্ধব হয়ে উঠবে।






