প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০২:০৮
হাইমচরের উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিক-প্রশাসন যৌথ প্রত্যয়

হাইমচর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নজরুল ইসলাম ও হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহআলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হাইমচর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
|আরো খবর
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সকালে হাইমচর প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে সাংবাদিক প্রতিনিধিদল প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং পরে থানা কার্যালয়ে এ মতবিনিময় সভায় মিলিত হন।
ইউএনও কার্যালয়ে মতবিনিময়কালে নবাগত ইউএনও নজরুল ইসলাম বলেন, "হাইমচরের সার্বিক উন্নয়নে আইন ও বিধি অনুযায়ী আমি সবাইকে সহযোগিতা করবো। সাংবাদিকরা সমাজের আয়না—আপনারাই প্রত্যন্ত অঞ্চলের প্রকৃত চিত্র তুলে আনেন। এলাকার কোনো অসহায় বা দুস্থ মানুষের খবর চোখে পড়লে প্রশাসনকে জানাবেন; আমি সরাসরি তাদের পাশে সরকারি সহায়তা পৌঁছে দিতে চাই।" তিনি বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
পরবর্তী সময়ে থানা কার্যালয়ে মতবিনিময়কালে ওসি মোহাম্মদ শাহআলম বলেন, "উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখা আমাদের মূল অগ্রাধিকার। অপরাধমূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলার যেকোনো তথ্য পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার অনুরোধ করছি।"
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি আরও বলেন, "হাইমচরকে মাদকমুক্ত করতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।"
আলোচনা শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত ইউএনও ও ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান।
ক্যাপশন :হাইমচরের ওসি মোহাম্মদ শাহআলমকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
এ সময় হাইমচর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আলী আকবর, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ, প্রচার সম্পাদক শিমুল অধিকারী সুমন, অফিস সম্পাদক আবুল খায়ের, সাধারণ সদস্য মোতাহার হোসেন স্বপন, আবুল কালাম আজাদ রাসেল, শাহ মো. মফিজ উল্লাহ, সাইফুল ইসলামসহ প্রেসক্লাবের অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা সুরক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সাংবাদিক ও প্রশাসন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
ডিসিকে /এমজেডএইচ









