প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১৮:১৬
হাইমচরের রাজনীতিক হুমায়ুন কবির প্রধানীয়ার ইন্তেকাল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাইমচর উপজেলা সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন লিভারজনিত নানা জটিলতায় ভুগে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২১ আগস্ট ২০২৬) রাত ১০টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বাড়ি হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জালিয়ারচর প্রধানীয়া বাড়ি।
শনিবার (২২ আগস্ট ২০২৬) বাদ আসর চরভৈরবী খোরশেদের মোড় মসজিদ সংলগ্ন বালুর মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজাশেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
হুমায়ুন কবির প্রধানীয়ার মৃত্যুতে চাঁদপুর জেলা ও হাইমচর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, রাজনৈতিক জীবনে হুমায়ুন কবির দীর্ঘদিন আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সভাপতি নির্বাচিত হওয়ার আগে তিনি হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।








