প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২২:৩১
ফরিদগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে পুরস্কার বিতরণ

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন ও উপজেলা আইসিটি কর্মকর্তা নাজমুল হোসেন।
|আরো খবর
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে সবাইকে উৎসাহিত করতে হবে। এতে মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি খাদ্যনিরাপত্তাও নিশ্চিত হবে। শিক্ষার্থীরা পড়াশোনার মাধ্যমে মাছকে খাদ্য হিসেবে গ্রহণ এবং মাছ চাষের বিভিন্ন বিষয়ে জানতে পারে। তারা এসব বিষয়ে অভিভাবকদের জানালে তারাও সঠিক পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত হবেন।
তিনি আরও বলেন, মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা চমৎকার লিখেছে। বিশেষ করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের লেখা ছিলো অসাধারণ। মৎস্য বিভাগকে এসব লেখা সংরক্ষণ করে রাখার আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।








