প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৯:০৯
হাজীগঞ্জে অটোবাইকের ধাক্কায় মোটরসাইকেল চালকের পা বিচ্ছিন্ন

বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ফয়সাল হোসেন (২০)-এর একটি পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অটোবাইকের সামনে অবৈধভাবে লাগানো লোহার এঙ্গেলের সাথে পা আটকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সোমবার (১৭ আগস্ট ২০২৬) দুপুরে হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত যুবক পাশের কালচোঁ উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামের শাহ আলমের ছেলে।
|আরো খবর
প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশাচালক বিল্লাল ও সফিক জানান, মোটরসাইকেলটি দ্রুতবেগে বলাখালের দিকে যাচ্ছিলো। রামপুর স্কুল গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোবাইকের সঙ্গে এটির সজোরে ধাক্কা লাগে। এ সময় অটোবাইকের সামনের তীক্ষ্ণ লোহার এঙ্গেলে লেগে মোটরসাইকেল চালকের পা বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে যায়। স্থানীয় ব্যবসায়ী সুমন বেপারী বলেন, "ঘটনাটি এতোটাই ভয়াবহ ছিলো যে তাৎক্ষণিকভাবে আমরা স্তব্ধ হয়ে পড়ি। পরে স্থানীয়দের সহায়তায় বিচ্ছিন্ন পা-টি গামছা দিয়ে পেঁচিয়ে ফয়সালকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।"
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জানান, আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।








