মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৯

শাহতলী জিলানী চিশতী কলেজে এসএসসিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক
শাহতলী জিলানী চিশতী কলেজে এসএসসিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
শাহতলী জিলানী চিশতী কলেজের পক্ষ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট তুলে দিচ্ছেন কলেজ গভর্নিং বডির সভাপতি এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ অন্য অতিথিবৃন্দ।

চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের পক্ষ থেকে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট ২০২৬) সকালে জিলানী চিশতী কলেজের সভাকক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, "১৯৭০ সালে আমার দাদা শিক্ষাবিদ মরহুম মাওলানা এ. টি. আহমেদ হোসাইন রুশদী অত্র কলেজটি প্রতিষ্ঠা করেন। চাঁদপুর কলেজের বাইরে এটি চাঁদপুর সদরের প্রথম বেসরকারি কলেজ। এই কলেজ থেকে হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করে আজ সমাজে প্রতিষ্ঠিত। বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে এ কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখান থেকে লেখাপড়া করে অনেকেই বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি হচ্ছে। এই কলেজ ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। তোমরা যারা ২০২৬ সালে জিপিএ-৫ পেয়েছ এবং যারা উত্তীর্ণ হয়েছ, সকলকে অভিনন্দন জানাচ্ছি। একজন শিক্ষার্থী দূরে গিয়ে পড়াশোনা করতে গেলে সময় ও অর্থের অপচয় হয়। তাই কাছের প্রতিষ্ঠানে ভর্তি হলে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। আমি আশা রাখি, তোমরা জিলানী চিশতী কলেজে ভর্তি হবে। এই কলেজ ছাত্র-ছাত্রীদের জন্যে সব দিক দিয়েই নিরাপদ। অভিভাবকগণ আপনাদের সন্তানদের এই কলেজে ভর্তি করাতে পারেন; আমরা গভর্নিং বডির পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবো। এ কলেজে লেখাপড়ার মান অনেক ভালো এবং শিক্ষকেরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন।"

তিনি আরও বলেন, "আমার পক্ষ থেকে তোমাদের জন্যে সব ধরনের সহযোগিতা থাকবে। তোমরা এই কলেজে ভর্তি হলে সব সুযোগ-সুবিধা আমি নিশ্চিত করবো। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে শিক্ষার মান বাড়াতে চেষ্টা করছি।" তিনি বলেন, "প্রতিষ্ঠানে এসে সন্তানদের খোঁজখবর নিতে হবে অভিভাবকদের। যদি কোনো বিষয়ের ক্লাস না হয়, তা আমাদের জানাবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফলাফল আরও ভালো হবে। তোমাদের উপবৃত্তিসহ সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে।"

তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নে কাজ করছেন। প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যে মিড-ডে মিল চালু করেছেন, শিক্ষা খাতে বাজেট বাড়িয়েছেন এবং নানা উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করেছেন। চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক চাঁদপুরে শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করছেন এবং সব ধরনের সহযোগিতা করার উদ্যোগ নিয়েছেন।

কলেজের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, কলেজের সহকারী অধ্যাপক মাওলানা ছোহাইল আহমেদ চিশতী, ফারজানা আক্তার, মো. জিয়াউর রহমান, মো. হানিফ মিয়া, মো. হাবিবুর রহমান, মো. মানিক মিয়া, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মোসা. রুবিনা আক্তার, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো. মাহবুবুর রহমান, মো. শাহাদাত হোসেন, ফরিদা ইয়াসমিন, মনোয়ারা আক্তার, সোমা রাণী পাল, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপঙ্কর দে, কলেজের সহকারী শিক্ষক নাছরীন আক্তার এবং অভিভাবকদের পক্ষে মোরশেদ তপাদার, রেহানা পারভীন, কামরুন্নাহার, রাবেয়া বসরী ও সামসুন নাহার।

শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী তাবাসসুম নাবা এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের পক্ষ থেকে সাবিহা আনহা, মারজিয়া ইসলাম লামিয়া, রুবাইয়া বিদুন ও মেহেরুন নেছা।

অনুষ্ঠানে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪ জনসহ উত্তীর্ণ সকল কৃতী শিক্ষার্থীকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন কলেজ গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদীসহ অন্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের সহকারী অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী। পরিশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়