প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২০:৪৫
ফরিদগঞ্জে স্কুলে যাওয়ার পথে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
ফরিদগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ব্যাটারিচালিত অটোবাইক চালকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, বিদ্যালয়ে যাওয়ার পথে নির্জন স্থানে অটোবাইক থামিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
|আরো খবর
অভিযোগে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল ৯টার পর শিশুটিকে তার বড় বোন একটি ব্যাটারিচালিত অটোবাইকে তুলে দেন। ওই অটোবাইকে প্রথম শ্রেণির আরও এক ছাত্রী ছিলো। বৃষ্টির মধ্যে কিছুদূর যাওয়ার পর নির্জন স্থানে অটোবাইকটি থামিয়ে চালক পেছনের সিটে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুর চিৎকার শুনে কাছাকাছি থাকা একটি মুরগির খামারের মালিক ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে চান। এ সময় তিনি চিৎকার করলে চালক দুই শিশুকে অটোবাইক থেকে নামিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরিবারের ভাষ্য, শিশুটি বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। এ সময় তার পরনে থাকা পোশাকে রক্তের দাগ দেখা যায়। তখনো রক্তক্ষরণ হচ্ছিল বলে জানান তার মা। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্মরত চিকিৎসক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠান।
ঘটনাটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হলে তিনি সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার পুলিশকে জানানো হয়। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, "ঘটনাস্থল পরিদর্শন, আলামত জব্দ এবং অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হবে। আমরা তাকে গ্রেপ্তারের খুব কাছাকাছি চলে এসেছি।"







