প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০১:২৬
চট্টগ্রাম রেঞ্জের পুনাক উপদেষ্টা সিদরাতুল মুনতাহাকে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

চট্টগ্রাম রেঞ্জের পুনাক উপদেষ্টা সিদরাতুল মুনতাহা বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) এক দিনের সরকারি সফরে চাঁদপুর জেলায় আসেন। তাঁর এই আগমন উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুরের উদ্যোগে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি, সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
|আরো খবর
সফরসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পুনাক, চাঁদপুর কার্যালয় পরিদর্শন করেন সিদরাতুল মুনতাহা। এ সময় তিনি পুনাকের চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং সংগঠনটিকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার জন্যে উপস্থিত সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুনাক শোরুম পরিদর্শন করেন তিনি। সেখানে প্রদর্শিত বিভিন্ন হস্তশিল্প ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ঘুরে দেখেন এবং শোরুমের কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফারিশা রিসোর্ট পরিদর্শন করেন পুনাক উপদেষ্টা। সেখানে তিনি পুনাক সদস্যবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান এবং পারস্পরিক কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
সন্ধ্যা ৭টায় চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে পুনাক, চাঁদপুরের আয়োজনে বর্ণিল সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের পুনাক উপদেষ্টা সিদরাতুল মুনতাহা। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (চাঁদপুর-৩) শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
অনুষ্ঠানের শুরুতে পুনাক, চাঁদপুরের পক্ষ থেকে প্রধান অতিথি চট্টগ্রাম রেঞ্জের পুনাক উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এ সময় নারী পুলিশ সদস্যদের কল্যাণ এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের পরিধি আরও প্রসারিত করার বিষয়ে আলোচনা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরের সঞ্চালনায় আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় পুনাকের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের পরিবেশনায় সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। প্রাণবন্ত ও উৎসবমুখর এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে বিমোহিত করে।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুনাকের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, পুলিশ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিসিকে /এমজেডএইচ








