প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২৩:৫৫
নজরুলের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে
------পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ও নজরুলবর্ষ উপলক্ষে চাঁদপুরে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট ২০২৬) সকালে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করে তুলতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। নৃত্য, গান ও আবৃত্তির মতো সৃজনশীল কর্মকাণ্ড শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
|আরো খবর
সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের সহ-সভাপতি মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফ। স্বাগত বক্তব্য রাখেন সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক অনিমা সেন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ প্রান্ত সেন চৌধুরী।
প্রতিযোগিতায় ‘ক’ ও ‘খ’—দুটি বিভাগে বিভক্ত হয়ে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। নজরুলের গান ও সৃষ্টির সঙ্গে নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রতিযোগীরা তুলে ধরে কবির বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা। আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক দর্শনের সঙ্গে পরিচয় ঘটানো এবং দেশীয় সংস্কৃতি চর্চায় তাদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।








