বুধবার, ১২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২০:৪৩

দু শিক্ষার্থীকে গণি-আয়েশা ফাউন্ডেশনের শিক্ষা ভাতা প্রদান

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
দু শিক্ষার্থীকে গণি-আয়েশা ফাউন্ডেশনের শিক্ষা ভাতা প্রদান

চাঁদপুর গণি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে অনার্স পড়ুয়া দু শিক্ষার্থীকে শিক্ষা ভাতা প্রদান করা হয়েছে। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে সহায়তার অংশ হিসেবে এই শিক্ষা ভাতা দেয়া হয়। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা সমাজসেবা উপ-পরিচালকের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে দু শিক্ষার্থীর হাতে শিক্ষা ভাতার অর্থ তুলে দেয়া হয়। এরা হলেন : বাবুরহাট শিশু পরিবারের অনার্স পড়ুয়া শিক্ষার্থী রহিমা আক্তার এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আয়েশা আক্তার নূপুর। রহিমা আক্তার পুরাণবাজার কলেজে ইংরেজি বিষয়ে অনার্স পড়ছেন। তাকে জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ এই তিন মাসের জন্য শিক্ষা ভাতা দেয়া হয়। একই সময়ের জন্য গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আয়েশা আক্তার নূপুরকেও শিক্ষা ভাতা প্রদান করা হয়। শিক্ষা ভাতা প্রদান করেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, গণি-আয়েশা ফাউন্ডেশনের সভাপতি শাহজাহান সিদ্দিকী, সাধারণ সম্পাদক হোসনে আরা, সদস্য ফাতেমাতুজ্জোহরা ও আ. কুদ্দুস মুন্সিসহ ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সদস্যরা।

গণি-আয়েশা ফাউন্ডেশনের এ উদ্যোগকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখার ক্ষেত্রে সহায়ক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে আর্থিক সংকটের কারণে অনেক শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। এ ধরনের শিক্ষা সহায়তা তাদের সেই সংকট কিছুটা হলেও কাটিয়ে উঠতে সহযোগিতা করতে পারে। অনুষ্ঠানে সংশ্লিষ্টরা বলেন, একজন শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় এগিয়ে যেতে উৎসাহিত করা মানে শুধু একজন ব্যক্তিকে সহায়তা করা নয়, এর মাধ্যমে একটি পরিবার ও সমাজের ভবিষ্যৎকে এগিয়ে নেয়ার সুযোগ তৈরি হয়। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার বিকাশে আর্থিক সহায়তার পাশাপাশি তাদের পড়াশোনার প্রতি উৎসাহিত করাও জরুরি।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই সহায়তা ভাতা তাদের শিক্ষা জীবনে কিছুটা হলেও আর্থিক স্বস্তি দেবে এবং উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে উৎসাহ জোগাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়