শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ২০:৪০

চাঁদপুর মহিলা সংসদের মতবিনিময় সভায় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

নারীদের অবদান সমাজ ও অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ

কবির হোসেন মিজি।।
নারীদের অবদান সমাজ ও অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ

চাঁদপুর মহিলা সংসদের সম্মানিত সভানেত্রী তাসনিম জোহরার শুভাগমন উপলক্ষে আলোচনা সভা ও নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের কবি কাজী নজরুল ইসলাম সড়কস্থ চাঁদপুর মহিলা সংসদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার, উইংস অ্যাপারেলের চেয়ারম্যান ও ঢাকা এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক ওয়াইস মাহমুদ জয়, চাঁদপুর মহিলা সংসদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য মমতাজ বেগম ও সংগঠনের সাধারণ সম্পাদক আফরোজ জাহান আখন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর মহিলা সংসদের সভানেত্রী তাসনীম জোহরা।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মনিরা আক্তারের পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কণ্ঠশিল্পী রূপালী চম্পক, কোষাধ্যক্ষ ফারজানা ফেরদৌসী, নির্বাহী সদস্য ডালিয়া খানমসহ সংগঠনের অন্যান্য সদস্য ও নারী উদ্যোক্তারা।

অনুষ্ঠানে চাঁদপুর মহিলা সংসদের নির্বাহী সদস্য মাহমুদা খানমকে ইনার হুইল আন্তর্জাতিক জেলা ৩২৮ কর্তৃক মর্যাদাপূর্ণ ‘ব্রেকিং দ্য বেরিয়ার্স অ্যাওয়ার্ড’ অর্জনকারী চাঁদপুরের প্রথম নারী হিসেবে এবং সংগঠনের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য মমতাজ বেগমকে দীর্ঘদিনের অবদান ও সম্পৃক্ততার জন্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, চাঁদপুরে যাঁরা গণ্যমান্য নারী, বিশেষ করে নারী উদ্যোক্তারা রয়েছেন, তাঁরা প্রত্যেকেই সম্মানিত। তাঁদের অবদান সমাজ ও অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, চাঁদপুর মহিলা সংসদের ভবনটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবিষ্যতে বৃহৎ পরিকল্পনার মাধ্যমে ভবনটির উন্নয়ন ও আধুনিকায়নের উদ্যোগ নেয়া হবে। এছাড়াও খুব শিগগিরই একটি কার্যকর মহিলা ক্লাব গঠন করা হবে, যাতে নারীদের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বেগবান হয়।

তিনি আরও বলেন, আমরা সবাই নিষ্ঠা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চাঁদপুরের নারীদের উন্নয়নে কাজ করবো। প্রশাসন সবসময় নারী উন্নয়নমূলক কার্যক্রমে পাশে থাকবে।

আলোচনা শেষে নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় উদ্যোক্তারা তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত প্রস্তাব তুলে ধরেন। অতিথিরা এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় এবং অতিথিদের আগমনে সংগঠনের পক্ষ থেকে কেক কাটা হয়। এছাড়া আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন জেলা প্রশাসক এবং চাঁদপুরের স্বনামধন্য সংগঠন সপ্তসুর সংগীত একাডেমির শিল্পীরা।

অনুষ্ঠানে চাঁদপুর মহিলা সংসদের সদস্য, নারী উদ্যোক্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন।

ছবি ক্যাপশন : চাঁদপুর মহিলা সংসদের সম্মানিত সভানেত্রী তাসনিম জোহরার শুভাগমন উপলক্ষে আলোচনা সভা ও নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

২। চাঁদপুর মহিলা সংসদের আলোচনা সভা ও নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সংগঠনের সদস্য মাহমুদা খানম আন্তর্জাতিক নারী সংগঠন কর্তৃক বিশেষ অ্যাওয়ার্ড অর্জন করায় তাঁকে সম্মাননা স্মারক প্রদান করছেন চাঁদপুর মহিলা সংসদের সভাপতি তাসনীম জোহরা। ছবি : কবির হোসেন মিজি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়