প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ২২:১৪
জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হাজীগঞ্জের রোকেয়া সুলতানা

চাঁদপুর জেলার
|আরো খবর
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (নারী) নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা। এর আগে তিনি হাজীগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেন।
রোববার (২ আগস্ট ২০২৬) হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের কাছ থেকে তিনি শ্রেষ্ঠত্বের সনদপত্র গ্রহণ করেন।
এক প্রতিক্রিয়ায় রোকেয়া সুলতানা বলেন, “এই অর্জন আমার একক নয়; এটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। চাঁদপুর জেলার প্রায় দেড় হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (নারী) নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’-এ জেলা পর্যায়ে ১৭টি ক্যাটাগরিতে শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীদের শ্রেষ্ঠত্বের পুরস্কার দেওয়া হয়। গত ২০ মে চাঁদপুর প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং সদস্য সচিব ও ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
ছবি ক্যাপশন: হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার হাত থেকে শ্রেষ্ঠত্বের সনদ গ্রহণ করছেন জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা।








