শনিবার, ০১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৯:১১

লক্ষ্মীপুরে সড়ক খুঁড়তে গিয়ে উদ্ধার তিন মর্টার শেল

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে সড়ক খুঁড়তে গিয়ে উদ্ধার তিন মর্টার শেল
ছবির ক্যাপশন : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজ সংলগ্ন টিএন্ডটি অফিস সড়কে পানির লাইনের কাজের সময় মাটির নিচ থেকে উদ্ধার হওয়া তিনটি অবিস্ফোরিত মর্টার শেল।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সড়ক খোঁড়ার সময় মাটির নিচ থেকে তিনটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। বুধবার (২৯ জুলাই ২০২৬) দুপুর ১টার দিকে উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজ সংলগ্ন টিএন্ডটি অফিস সড়কে পানির লাইনের উন্নয়নকাজ চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পানির লাইন সংস্কারের জন্যে শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। এ সময় প্রায় দু থেকে তিন ফুট গভীরে পাশাপাশি ধাতব আকৃতির তিনটি বস্তু দেখতে পান তারা। বস্তুগুলো বিস্ফোরক বলে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে শ্রমিকরা নিরাপদ স্থানে সরে যান। পরে বিষয়টি রামগতি থানায় জানানো হয়।

খবর পেয়ে রামগতি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলগুলো ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে এবং সাধারণ মানুষকে ঘটনাস্থলের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া বস্তুগুলো মর্টার শেল। তবে এগুলো কতোটা পুরোনো, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সাধারণত দীর্ঘদিন মাটির নিচে থাকা মর্টার শেলে জং ধরে, কিন্তু উদ্ধার হওয়া শেলগুলোতে তেমন জং দেখা যায়নি। বিষয়টি নিশ্চিত হতে সেনাবাহিনী ও পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের মতামতের অপেক্ষা করা হচ্ছে।

তিনি আরও জানান, সেনাবাহিনী ও পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং নিরাপদ স্থানে নিয়ে মর্টার শেলগুলো নিষ্ক্রিয় করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়