প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৫:৫০
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলুর ইন্তেকালে জেলা বিএনপির শোক প্রকাশ

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাহাবুব আনোয়ার বাবলু আর নেই। গত রাত ১ টার সময় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
|আরো খবর
মাহাবুব আনোয়ার বাবলুর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম।
গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, "মরহুম মাহাবুব আনোয়ার বাবলু ছিলেন দলের এক অনন্য ও নিবেদিতপ্রাণ নেতা। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শনের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন।"
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন যে, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে মাহাবুব আনোয়ার বাবলু সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তাঁর এই প্রয়াণে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হযরত আলী ঢালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির শীর্ষ নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।






