প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১০:২১
চাঁদপুর এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মো. নূরুজ্জামানের যোগদান

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুর জেলা কার্যালয়ের নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে মো. নূরুজ্জামান আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন।
|আরো খবর
নবাগত নির্বাহী প্রকৌশলী মো. নূরুজ্জামানকে কার্যালয়ের অন্য কর্মকর্তা ও কর্মচারীরা উষ্ণ অভ্যর্থনা জানান। পূর্বে কর্মরত নির্বাহী প্রকৌশলী পদোন্নতিজনিত কারণে বিদায় নিলে মো. নূরুজ্জামান এই পদে স্থলাভিষিক্ত হন।
গত ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) তিনি বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ার উদ্দিনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
মো. নূরুজ্জামান ২০০৪ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস করেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজের অভিজ্ঞতা অর্জনের পর ২০১১ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) যোগদান করেন।
কর্মজীবনে তিনি খুলনার বিভিন্ন উপজেলায়, এলজিইডির সদর দপ্তরের প্রশাসনিক শাখায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় উপজেলা প্রকৌশলী, ভোলা জেলায় সিনিয়র সহকারী প্রকৌশলী এবং পদোন্নতি পেয়ে কুমিল্লা জেলা আঞ্চলিক কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
দায়িত্ব গ্রহণের পর মো. নূরুজ্জামান বলেন, চাঁদপুর জেলার গ্রামীণ সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান নিশ্চিত করে বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, টেকসই অবকাঠামো নির্মাণ, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং জনগণের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে এলজিইডির উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা হবে। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ঠিকাদার ও স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।








