প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ২০:৪০
এলজিইডির সাবেক হিসাব রক্ষক শহিদ উল্লাহ মিয়াজীর ইন্তেকাল
চাঁদপুর এলজিইডির সাবেক হিসাব রক্ষক ও ডিসি অফিস সংলগ্ন চেয়ারম্যানঘাটার মেসার্স শহিদ উল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শহিদ উল্লাহ মিয়াজী (৭৮) আর বেঁচে নেই। তিনি মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দুপুর ২টায় চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি......... রাজেউন)।
মরহুমের জানাজা এদিন বাদ আসর ষোলঘর বিটি রোডস্থ আব্বাসীয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন চেয়ারম্যানঘাটা বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকার। জানাজার পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, পৌর ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুল মালেক বেপারী, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. টিপু সুলতান, কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬-এর সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান গাজী ও মরহুমের বড় ছেলে ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. রোকন উদ্দিন মিয়াজী। মরহুমের দ্বিতীয় জানাজা জিটি রোডস্থ মোল্লা বাড়ি সংলগ্ন আল-আমিন জামে মসজিদ প্রাঙ্গণে হাফেজ আরিফ হোসেনের ইমামতিতে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। পরে মরহুমের জিটি রোডস্থ মিয়াজী বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।








