প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৪:২৫
এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিদায়-বরণ

চাঁদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবিরের হেড অফিসে বদলিজনিত বিদায় সংবর্ধনা ও মো. মনোয়ার উদ্দিনের ঝিনাইদহ হতে যোগদান উপলক্ষে আনুষ্ঠানিক বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুরে এলজিইডি চাঁদপুর অফিসের কামরুল ইসলাম সিদ্দিক হলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুর-এর সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীর আয়োজনে এ বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়।
বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবির তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরে প্রায় তিন বছর ছিলাম, ভালোই ছিলাম। সাংবাদিক সমাজ ও ঠিকাদাররা খুবই হেল্পফুল। চাঁদপুরের উপজেলা প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীদের ডিসিপ্লিন আমাকে মুগ্ধ করেছে। আমি আপনাদের ভুলতে পারবো না।কারণে-অকারণে মাঝেমধ্যে অনেক বকাঝকা করেছি, তাও সত্য। সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো থাকবেন।
নবাগত নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন বলেন, চাঁদপুরের সকলের সঙ্গে আমি মিলেমিশে কাজ করতে চাই। আশা করছি সকলে আমাকে সকল কাজে সহযোগিতা করবেন।
সিনিয়র সহকারী প্রকৌশলী ইশতিয়াক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে এলজিইডি পরিবারের সদস্যরা বিদায়ী অতিথির কাজের প্রশংসা করেন এবং নবাগত নির্বাহী প্রকৌশলীকে স্বাগত জানান।
চাঁদপুর সদর উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী, এলজিইডি জেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী প্রত্যাশা চাকমা, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য মো. ইউনুছ বিএসসি, আরিফা এন্টারপ্রাইজের সুলতান আহমেদ খান এবং চাঁদপুর জেলার সকল উপজেলা প্রকৌশলীসহ চাঁদপুর এলজিইডি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও ঠিকাদাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সদ্য যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ার উদ্দিনকে ঝিনাইদহ থেকে চাঁদপুর এবং নির্বাহী প্রকৌশলী
মো. আহসান কবিরকে রাজধানীর আগারগাঁও এলজিইডি প্রধান কার্যালয়ে পিডি হিসেবে বদলি করা হয়।
বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে আড়ম্বরপূর্ণ সংবর্ধনা এবং নবাগত নির্বাহী প্রকৌশলীকে আন্তরিকভাবে বরণ করে নেন চাঁদপুর এলজিইডির কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ। এ সময় উভয় অতিথিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।








