প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৫:৫৫
মেয়র প্রার্থী জাকির মজুমদারের জলাবদ্ধতা দূর ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের আশ্বাস

হাজীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী জাকির মজুমদার শুক্রবার (১৭ জুলাই ২০২৬) পৌর ৪ নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি স্থানীয়দের সাথে কুশলাদি বিনিময়কালে এলাকাবাসী ওয়ার্ডের বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
স্থানীয়দের মূল সমস্যা বিশেষ করে জলাবদ্ধতা, পয়ঃনিষ্কাশনের দুরবস্থা, মশার প্রাদুর্ভাব ও বর্জ্য ব্যবস্থাপনাগত সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
জাকির মজুমদার বলেন, হাজীগঞ্জ একটি প্রথম শ্রেণির পৌরসভা। এতোদিনেও জলাবদ্ধতা সৃষ্টির কারণ চিহ্নিত না করে উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়ে না ওঠা হতাশাজনক। আপনাদের সমর্থন পেলে অগ্রাধিকার ভিত্তিতে পৌরসভার প্রত্যেকটি এলাকার জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে ড্রেনেজ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হবে। মশা নিধনে এর উৎসস্থল ধ্বংস করা হবে। ওয়ার্ডকেন্দ্রিক বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ পরিচ্ছন্নতা টিম গঠন করা হবে। বর্জ্য ব্যবস্থাপনার জন্যে নির্দিষ্ট ডাম্পিং স্টেশন স্থাপন করা হবে। বিশুদ্ধ পরিবেশ ও স্বাস্থ্যসম্মত শহর গড়তে মহল্লাকেন্দ্রিক ‘সচেতন নাগরিক সমাজে'র সমন্বয়ে পরিবেশ রক্ষা কমিটি গঠন করা হবে।
গণসংযোগকালে মেয়র প্রার্থী জাকির মজুমদারের সঙ্গে এলাকার গণ্যমান্য লোকেরা অংশগ্রহণ করেন। এছাড়া জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন।








