প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৯:৪১
আচলছিলা উচ্চ বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি তোফায়েল আহমেদ

মতলব দক্ষিণ উপজেলার আচলছিলা উচ্চ বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে তোফায়েল আহমেদকে মনোনীত করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।
|আরো খবর
রোববার (১২ জুলাই ২০২৬) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক আদেশে এ অ্যাডহক কমিটি অনুমোদন দেয়া হয়।
তোফায়েল আহমেদ একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক। অন্তর্বর্তীকালীন এ কমিটির সভাপতি হিসেবে তিনি বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পালন করবেন।
সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তোফায়েল আহমেদ বলেন, আচলছিলা উচ্চ বিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পেয়ে আমি গর্বিত ও আনন্দিত। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্যে একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করবো। এ কাজে শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।
এদিকে তোফায়েল আহমেদ সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও স্থানীয়রা বেশ খুশি। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, তাঁর দক্ষ নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে আরও এগিয়ে যাবে।








