শুক্রবার, ২৬ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৯:৪১

আর্জেন্টিনার প্রেমে বাবা-মেয়ে, দায়িত্বে অবিচল পুলিশ কর্মকর্তা কালাম গাজী

আব্দুল্লাহ আল মামুন।।
আর্জেন্টিনার প্রেমে বাবা-মেয়ে, দায়িত্বে অবিচল পুলিশ কর্মকর্তা কালাম গাজী
এস আই কালাম গাজী ও তার স্নেহের কন্যা স্নেহা। দুজনই বিশ্বাস করেন আর্জেন্টিনা বিশ্বকাপ জয়লাভ করবেই।

চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কালাম গাজী (লিমন) পেশাগত দায়িত্ব পালনে যেমন নিষ্ঠাবান, তেমনি ফুটবলের প্রতি তার ভালোবাসাও অনন্য। চাঁদপুরে ‘গাজী ভাই’ নামে অধিক পরিচিত এই পুলিশ কর্মকর্তা বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল আর্জেন্টিনার একজন একনিষ্ঠ সমর্থক। তার এই ভালোবাসা ছড়িয়ে পড়েছে পরিবারের মধ্যেও। বিশেষ করে তার আদরের কন্যা গাজী সায়মা সিমরান স্নেহা বাবার প্রতি ভালোবাসা থেকেই বাবার প্রিয় দল আর্জেন্টিনাকে নিজের প্রিয় দল হিসেবে বেছে নিয়েছে। তবে পরিবারের ভেতরে ফুটবল নিয়ে রয়েছে মজার এক প্রতিদ্বন্দ্বিতা। কারণ স্নেহার মা ব্রাজিলের সমর্থক। বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে স্বামী-স্ত্রীর খুনসুটি যেন তাদের সংসারে বাড়তি আনন্দের খোরাক যোগ করে। আর বাবা-মেয়ের জুটি তখন একসঙ্গে আর্জেন্টিনার পতাকা উড়ায়।

ফুটবলপ্রেমের গল্প বলতে গিয়ে এসআই কালাম গাজী জানান, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার খেলা দেখে বড়ো হয়েছেন। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, ক্লদিও ক্যানিজিয়া, এরিয়েল ওর্তেগাসহ নব্বই দশকের অসংখ্য তারকা ফুটবলারের খেলা এবং তাদের গৌরবগাথা তাকে আর্জেন্টিনার প্রতি আকৃষ্ট করেছে।

তিনি বলেন, “আমি বুঝতে শেখার পর থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করি। তাদের নান্দনিক ফুটবল আমাকে সবসময় মুগ্ধ করেছে। বর্তমানে আর্জেন্টিনা বিশ্বের এক নম্বর দল। আমি বিশ্বাস করি, এবারের বিশ্বকাপেও তারাই শিরোপা জিতবে।”

ফুটবলের প্রতি ভালোবাসার কারণে তিনি নিজ উদ্যোগে অনেককে আর্জেন্টিনার জার্সি উপহার দিয়েছেন। আবার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও অসংখ্য জার্সি ও ফুটবল-স্মারক উপহার পেয়েছেন। প্রতিটি বিশ্বকাপ তার কাছে যেন এক অন্যরকম উৎসব।

আর্জেন্টিনার সমর্থক হলেও তিনি প্রতিপক্ষ দলের ভালো খেলোয়াড়দেরও সম্মান করেন। আর্জেন্টিনার তারকা মেসি সম্পর্কে তিনি বলেন, “মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তার খেলা পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন। এখনও তাকে টগবগে যুবকের মতো মনে হয়। ফুটবলপ্রেমীরা এবারও তার খেলা উপভোগ করবে।”

ফুটবলের উন্মাদনার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে তিনি সমানভাবে নিবেদিত। চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত এই কর্মকর্তা সততা, মানবিকতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। ফলে চাঁদপুরজুড়ে গড়ে উঠেছে তার একটি আলাদা ভক্তগোষ্ঠী।

নিজের জনপ্রিয়তা প্রসঙ্গে কালাম গাজী বলেন, “আমি আমার কাজকে প্রচণ্ড ভালোবাসি। মানুষ আমাকে ভালোবাসে মূলত আমার কাজের জন্যে। একজন সরকারি কর্মচারী হিসেবে সারা জীবন দায়িত্বের প্রতি অবিচল থাকতে চাই এবং মানুষের জন্যে কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “দিন হোক বা রাত, কাজের মধ্যেই আমি সবচেয়ে বেশি স্বস্তি পাই। আমার বাবা-মা দুজনই আমার সঙ্গে থাকেন, যা আমার জীবনের সবচেয়ে বড়ো শক্তি। সব সময় তাদের দোয়া ও আশীর্বাদ পাই। এই দোয়াই আমাকে সাহস ও প্রেরণা জোগায়।”

দায়িত্বশীলতা, সততা, মানবিকতা এবং ফুটবলের প্রতি গভীর অনুরাগ—সব মিলিয়ে এসআই কালাম গাজী আজ অনেকের কাছে অনুপ্রেরণার নাম। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বিশ্বাস, বাবা-মায়ের দোয়া এবং নিজের কর্মনিষ্ঠাকে পাথেয় করে তিনি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এবং মানুষের সেবায় নিজেকে আরও উঁচু অবস্থানে নিয়ে যাবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়