প্রকাশ : ১৮ মে ২০২৬, ২১:৫৭
চাঁদপুরে সদরে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’

চাঁদপুরে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।
|আরো খবর
'কৃষিই সমৃদ্ধি' এ প্রতিপাদ্যে
অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ সাইফুল হাসান আলামিন।
বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপন রায়, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুন নাহার, কৃষক প্রতিনিধি সোহাগ খান ও ফাতেমা বেগম।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আ. খালেক।
বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও কৃষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি টেকসই কৃষিখাত গড়ে তোলা এই উদ্যোগের মূল লক্ষ্য। তারা আরও বলেন, কৃষির রূপান্তর এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় বক্তারা পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে সাধারণ কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, কৃষিকে আধুনিকায়ন ও উন্নত করার লক্ষ্যে গৃহীত এই পদক্ষেপগুলো কৃষকদের ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধাভোগী কৃষকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা।








