প্রকাশ : ১৬ জুন ২০২৬, ২৩:১৪
চাঁদপুরে আন্তঃক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা কারাতে একাডেমির সহযোগিতায় আন্তঃক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের একটি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আহমেদ জিয়াউর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, কারাতে সম্পর্কে আমি ততোটা ভালো বুঝি না। তবে আত্মরক্ষা, শরীরচর্চা ও মেধা বিকাশের জন্যে এটি অত্যন্ত প্রয়োজনীয়। এর প্রশিক্ষণের জন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা থাকবে। জেলা প্রশাসক বলেন, আজকের এই আয়োজন দেখে খুবই ভালো লেগেছে। যে অভিভাবকরা উপস্থিত হয়েছেন, তারা খুবই সচেতন। কারণ সচেতনতা ছাড়া সন্তানদের এই প্রশিক্ষণে দেয়ার আগ্রহ থাকে না। আমি বলবো, আপনারা অন্য অভিভাবকদেরও এই কারাতে প্রশিক্ষণের জন্যে উৎসাহ দেবেন। প্রতিযোগিতায় বিজয়ী সবাইকে শুভ কামনা জানান জেলা প্রশাসক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। জেলা কারাতে একাডেমির সভাপতি আলম পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন। প্রশিক্ষকদের মধ্যে বক্তব্য দেন জেলা কারাতে একাডেমির সাধারণ সম্পাদক ও প্রশিক্ষক জসিম গাজী। পুরস্কার বিতরণের আগে অতিথিদের উপস্থিতিতে প্রতিযোগীরা তাদের কারাতে নৈপুণ্য দেখান এবং বিভিন্ন গ্রুপের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি জেলা প্রশাসকসহ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে ৪ ক্যাটাগরিতে ৪২ জনকে পুরস্কৃত করা হয়।








